২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভাব আর নির্যাতনে শুরু, শেষ নিষিদ্ধপল্লীতে

রাজধানীর একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করত কিশোরী পপি (প্রকৃত নাম নয়)। আরও ভালো কাজের কথা বলে এক কাঠমিস্ত্রি তাকে বাড়ি থেকে বের করে নিয়ে তুলে দেয় এক প্রৌঢ়ার হাতে। এভাবে বেশ কয়েক হাত ঘুরে খোদেজা বেগম নামের একজন পপিকে কিনে নেয় ২৫ হাজার টাকায়। খোদেজা নির্যাতনের মুখে পপিকে যৌনকর্মী হতে বাধ্য করে। নারী পাচারের আদ্যপান্ত নিয়ে কাহিনীর দ্বিতীয় কিস্তিতে অভ্যন্তরীণ পাচারকারীদের বিভিন্ন কৌশল সম্পর্কে জানাচ্ছেন মারুফ মল্লিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 08:14 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --রাজধানীর একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করত কিশোরী পপি। আরও ভালো কাজের কথা বলে পরিচিত এক কাঠমিস্ত্রি তাকে বাড়ি থেকে বের করে নিয়ে তুলে দেয় এক প্রৌঢ়ার হাতে। এভাবে বেশ কয়েক হাত ঘুরে খোদেজা বেগম নামের এক মহিলা পপিকে কিনে নেয় ২৫ হাজার টাকায়। নির্যাতনের মুখে মাত্র ১৪ বছরের পপিকে যৌনকর্মী হতে বাধ্য করে খোদেজা । মেয়েটির আসল নাম পপি নয়। সঙ্গত কারণে তার নাম গোপন রাখা হচ্ছে। তার মতো নাম জানা বা অজানা অনেক নারী ও শিশুই দেশের এক স্থান থেকে অন্য স্থানে অথবা দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে। যাচ্ছে স্রেফ পণ্যের মতো বিক্রি হয়ে। অভাব, নির্যাতন, যৌতুকের কারণে বিবাহ বিচ্ছেদ, বৈষম্য ও প্রেমে ব্যর্থতার মতো বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে এরা পাচারকারীদের খপ্পরে পড়ে থাকে বলে জানান বিশেষজ্ঞরা। পাচারের শিকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের অধিকাংশই এসেছেন গ্রাম থেকে। কেউ কেউ পাচার হয়েছেন শহরের বস্তি এলাকা থেকে। এসব নারীর একটি বড় অংশ আগে পোশাক কারখানায় কাজ করতেন। তারা জানান, পাচারকারীরা তাদের পোশাক কারখানার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো। বিভিন্ন কায়দায় পরিচিত হতো। কোনো কারণে কোনো মেয়ের চাকরি চলে গেলে বা বেতন না হলে ভালো চাকরির প্রলোভন দেখাতো তারা। এভাবেই পাচারকারীদের খপ্পরে পড়ে এসব নারীর শেষ ঠিকানা হয়েছে পতিতালয়। নেদারল্যান্ডভিত্তিক সংস্থা টিডিএইচ এর আর্থিক সহায়তায় নারী পাচার বিষয়ে গবেষণা করছেন মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, পাচারকারীরা অভাবী পরিবারগুলোর ব্যাপারে নিয়মিত খোঁজ-খবর রাখে। সৎ মা আছে, বিয়ে হচ্ছে না, যৌতুক দিতে অক্ষম, কিংবা অশান্তি চলছে এমন পরিবারের মেয়েদের তারা শিকার হিসেবে বেছে নেয়। তাদের বাড়ি থেকে বের করে আনতে ফেলা হয় লোভনীয় টোপ। ভালো চাকরি, বিয়ে কিংবা পোশাক কারখানায় চাকরির মতো বিষয়গুলোই লোভ দেখানোর ক্ষেত্রে প্রাধান্য পায়। টোপে কাজ না হলে অনেক সময় অপহরণ পর্যন্ত করা হয়। হাত বদল হতে হতে এক পর্যায়ে নিষিদ্ধপল্লীতে ঠাঁই হয় এসব মেয়ের। প্রথমে পতিতালয়কেন্দ্রিক কোনো চক্র তাদের কিনে নেয়। সেখান থেকে তাদের বিক্রি করা হয় পতিতাপল্লীর সর্দারনীর কাছে। মহিউদ্দিন আহমেদের গবেষণায় দেখা গেছে, পাচারকারীদের মধ্যে মহিলার সংখ্যাই বেশি। কারণ একজন মহিলা মেয়েদের সঙ্গে যোগাযোগ করতে গেলে তাকে কেউ সহজে সন্দেহ করে না। পাচারের ক্ষেত্রে অনেক সময় স্থানীয় মহিলাদেরও সহায়তা নেওয়া হয়। এক্ষেত্রে প্রাথমিক পদক্ষেপে স্থানীয় কোনো মহিলাকে শিকারের সঙ্গে গভীর সখ্য তৈরি করতে বলা হয়। তার মাধ্যমেই শিকারকে এলাকা থেকে বের করে এনে দ্বিতীয় ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়। এই হাত বদলের কাজটি সাধারণত চলে বাসস্ট্যান্ড বা রেলস্টেশনে। গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত এমনকি পুলিশও পাচারকারীদের সহায়তা করে বলে অভিযোগ আছে। এক্ষেত্রে ব্যবহার করা হয় গোপন কোড নম্বর। কখন কখনও এরা পুলিশের হাতে ধরা পড়লেও চক্রের মূল হোতা ধরা-ছোঁয়ার বাইরেই থেকে যায়। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেকগুলো হাত বদলের কারণে উদ্ধার হওয়ার পর পাচার হওয়া নারী বা শিশুরা আর পাচারকারীদের নাম বলতে পারে না।" মহিউদ্দিন আহমেদের গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, পাচারকারী চক্রগুলো সন্ত্রাসী ও পুলিশকে নিয়মিত মাসোহারা দিয়ে থাকে। পুলিশের বিভিন্ন দল এ টাকা আদায় করে উল্লেখ করে এতে বলা হয়, পুলিশের বিভিন্ন সংস্থাকে আলাদা করে মাসোহারা দিতে হয়। পাচার পর্যবেক্ষণ সংক্রান্ত পুলিশ সদর দপ্তরের কর্মকর্তা সাবিহা খানম এ অভিযোগ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতা প্রকাশ করে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের বিরুদ্ধে পাচারে সহায়তা বা এ ধরণের কোনও কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আমাদের হাতে নেই।" সাবিহা খানমের ভাষ্য: পুলিশ আগে এতে জড়িত ছিল কি না তা তিনি জানেন না। তবে এখন নেই । কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে 'সঙ্গে সঙ্গেই' ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এসকে/১৩৫৯ঘ.