২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহারি পানের দাম ৫০০ টাকা!

নাটোরের লালপুরে একটি পান খেতেই পকেট থেকে খসতে পারে পুরো পাঁচশ টাকা! তবে আঁৎকে ওঠার কারণ নেই- এক পানের সঙ্গে ক্রেতা পাবেন বিশেষ আপ্যায়ন, প্রায় আধা ঘণ্টা ধরে দোকানির পান সাজার ফাঁকে বাড়তি পাওনা হিসেবে জুটবে কিছু নাস্তাও। আর বনেদী ক্রেতাটিকে পরিচয় করিয়ে দেওয়া হবে আশপাশের লোকজনের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2007, 12:28 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

নাটোর, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নাটোরের লালপুরে একটি পান খেতেই পকেট থেকে খসতে পারে পুরো পাঁচশ টাকা! তবে আঁৎকে ওঠার কারণ নেই- এক পানের সঙ্গে ক্রেতা পাবেন বিশেষ আপ্যায়ন, প্রায় আধা ঘণ্টা ধরে দোকানির পান সাজার ফাঁকে বাড়তি পাওনা হিসেবে জুটবে কিছু নাস্তাও। আর বনেদী ক্রেতাটিকে পরিচয় করিয়ে দেওয়া হবে আশপাশের লোকজনের সঙ্গে। এসব সুবিধা পেতে যেতে হবে লালপুরের কালীমন্দির চত্বরে। শ্যামাপূজা উপলক্ষে বুধবার থেকে সেখানে শুরু হয়েছে পান মেলা। দেশের বিভিন্ন এলাকা থেকে বাহারি পান-সামগ্রী নিয়ে বিক্রেতাদের ভিড় জমেছে ওই মেলায়। নাটোরের বনলতা পান স্টোরের মালিক কবিরাজ আবু বক্কর সিদ্দিক জানান, তার কাছে পাঁচ থেকে পাঁচশ টাকা দামের ৯ ধরনের পান রয়েছে। এসব পানের নামও বেশ বাহারি, যেমন- নবাবপান পত্র, জমিদার পান, নাটোরের বনলতা, আয়ুর্বেদী পান, হাসিখুশি পান, বেয়াই-বিয়ান পান, নতুন বধূর পান, ভালবাসা পান ও বন্ধু-বান্ধবী পান। তিনি জানান, পাঁচশ টাকা দামের পানের ক্রেতাকে জামাই আদরে দোকানে বসানোর ব্যবস্থা রয়েছে। প্রায় ৩০ মিনিট ধরে ১১০ রকমের মসলা দিয়ে ওই পান বানানোর ফাঁকে ক্রেতাকে আপ্যায়ন করা হয় নাস্তা দিয়ে। এছাড়া, মাইকে পরিচয় করিয়ে দেওয়া হয় মেলায় আসা লোকজনদের সঙ্গে। শনিবার পর্যন্ত এ ধরনের নয়টি পান বিক্রি হয়েছে বলে তিনি জানান। মেলার প্রবেশপথে ঢাকার সদরঘাটের রইচ মিয়ার দোকান। তার হাসি-খুশি নামের দোকানে পাওয়া যাচ্ছে ১২ রকমের পান। দোকানের কর্মচারী হেলাল মিয়া জানান, তারা সর্বোচ্চ দামের পানে মৃগনাভি কস্তুরী, জয়ফল, জয়ত্রী, পদ্মমধূ, ভারতীয় চাটনি, পানতরঙ্গ, তালমাখনা, বেনানা সেন্ট, বস, জৈষ্ঠমধুসহ তিনশ রকমের মসলা দিয়ে থাকেন। এধরনের একটি পান তৈরি করতে সময় লাগে প্রায় ২০ মিনিট। লালপুরের আবুল কালাম এ ধরনের একটি পান খেয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পানের সুগন্ধ দীর্ঘ সময় ধরে মুখে থাকে। এছাড়া খুব সহজেই এটি গলে যায়। বাহারি এই পানের স্বাদ নিতে দোকানের সামনে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হচ্ছে বলেও তিনি জানান। প্রসঙ্গত লালপুর কালীমন্দির চত্বরে ৫১৮ বারের মতো আয়োজিত হয়েছে কালীমেলা। প্রতিবারের মতো এবারও দেশ বিদেশ থেকে প্রচুর দর্শনার্থী মেলায় আসতে শুরু করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএস/এসএনডি/১৮২৫ ঘ.