চট্টগ্রাম, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে ব্যাংককগামী একটি বিমানে ওঠার আগে শুক্রবার এক যাত্রীর কাছ থেকে ১০ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।
ইমিগ্রেশনের সহকারী পুলিশ কমিশনার নূর মোহাম্মদ হুদা সাংবাদিকদের জানান, কাস্টমস কর্মকর্তারা আব্দুল হালিম সেলিম (৩৮) নামে এক যাত্রীর ব্যাগ তল্লাশী করে এসব মুদ্রা পান। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
কাস্টমস তত্ত্বাবধায়ক আব্দুল আলিম জানান, সেলিম দুপুর দুইটার ফ্লাইটে ব্যাংকক হয়ে চীন যাচ্ছিলেন। তার ব্যাগ তল্লাশী করে কার্বন দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ১৩ হাজার ৫ শত মার্কিন ডলার, তিন হাজার বাথ, দুই হাজার সুইস ফ্রাংক ও ছয়শ চাইনিজ ইউয়ান উদ্ধার করা হয়। এসব মুদ্রার আনুমানিক মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ ৬০ হাজার টাকা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/২১৫৪ঘ.
bdnews24