চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কুমিল্লার দেবীদ্বার এলাকার বিএনপির সাবেক সাংসদ মনজুরুল আহসান মুন্সী ও তার তিন সহযোগীর বিরুদ্ধে চাঁদাবাজির দুটি মামলার অভিযোগ গঠন পিছিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শফিকুল করিম ১২ নভেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে ঢাকায় আসামিপক্ষের আইনজীবীরা হাইকোর্টে মামলার কার্যক্রমের স্থগিতাদেশ চেয়ে আবেদন জানালে বিচারপতি আবু মোমিনুর রহমান ও বিচারপতি আবু নইম চৌধুরীর বেঞ্চ রোববার ওই বিষয়ে শুনানির দিন দেন।
আসামিপক্ষের আইনজীবীরা বিষয়টি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারককে জানালে তিনি উচ্চ আদালতের আদেশের অনুলিপি ১২ নভেম্বর জমা দেওয়ার নির্দেশ দেন। অন্যথায় ওই দিনই অভিযোগ গঠন করা হবে বলে তিনি জানান।
দেবীদ্বার বাজারে সারের ডিলার নুরুল ইসলামের কাছ থেকে দুই লাখ টাকা এবং ওই এলাকার অন্য এক ঠিকাদার মনির আহমদের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করায় মনজুরুল আহসান মুন্সী, তার ছোট ভাই আতিকুল ইসলাম মুন্সী, শাহাজ উদ্দিন প্রকাশ সাজু চেয়ারম্যান ও আবদুল লতিফ মোল্লাকে আসামি করে দেবীদ্বার থানায় দুটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।
মনজুরুল আহসান মুন্সী কারাগারে আটক থাকলেও অন্য তিন আসামি এখনো পলাতক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এসএনডি/১৮০১ ঘ.
bdnews24