ঢাকা, নভেম্বর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্বাক্ষর জাল ও শেয়ার ছেড়ে প্রায় ৮২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া ওয়ার্ল্ড কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. নাঈম মেহতাব চৌধুরীর বিরুদ্ধে জালিয়াতির আরও তথ্য পাওয়ার কথা জানিয়েছে র্যাব।
র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, নাঈম মেহতাব আরও দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ তুলে আত্মসাৎ করেছে বলে জানতে পেরেছেন তারা।
বুধবার বিকেলে র্যাব-৩ এর অধিনায়ক উইং কমান্ডার সুলতান মোহাম্মদ নূরানী তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, "নাঈমকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছি। কিন্তু তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।"
প্রশ্নের জবাবে তিনি বলেন, "নাঈম আরো দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আমরা হাতে পেয়েছি।"
নাঈমের কয়েকজন সহযোগীকে ধরার জন্য র্যাবের কয়েকটি দল মাঠে রয়েছে জানিয়ে কমান্ডার নূরানী বলেন, "আশা করছি তারা যে কোন মূহুর্তে ধরা পড়বে।"
সোমবার সকালে গুলশান-১ এর বাসা থেকে নাঈম মেহতাবকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার র্যাব তাকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে।
তাকে গ্রেপ্তারের পর কমান্ডার নূরানী সাংবাদিকদের জানিয়েছেন, নাঈম মেহতাব (৩৯) যুক্তরাষ্ট্রে বসবাসরত ওয়ার্ল্ডটেল হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান স্যাম পিটরোডার-এর স্বাক্ষর জাল করে তাকে গ্যারান্টার দেখিয়ে দুটি ব্যাংক থেকে ৪৬ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন। এ ছাড়া আরও দুই সহযোগীসহ অবৈধভাবে ওয়ার্ল্ড কমিউনিকেশনের নামে বাজারে শেয়ারে ছেড়ে ৩৫ কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। নাঈম মেহতাব এ অভিযোগ স্বীকার করে সাংবাদিকদের বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সহযোগিতায় তিনি এ দুষ্কর্ম করেন এবং তাকে ৭ কোটি টাকার শেয়ার দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২৩১৫ ঘ.
bdnews24