২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীর সাততলা বস্তি উচ্ছেদ নিয়ে নতুন করে উত্তেজনা

রাজধানীর মহাখালীতে সাত তলা বস্তি উচ্ছেদ নিয়ে আবার উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে ইতিমধ্যে উচ্ছেদ করা জায়গায় ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন ভবন নির্মাণের প্রাথমিক কাজ শুরু করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 05:30 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মহাখালীতে সাত তলা বস্তি উচ্ছেদ নিয়ে আবার উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে ইতিমধ্যে উচ্ছেদ করা জায়গায় ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন ভবন নির্মাণের প্রাথমিক কাজ শুরু করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। এর আগে গত ১১ সেপ্টেম্বর সাততলা বস্তি হিসেবে পরিচিত স্বাস্থ্য বিভাগের জমিটি অবৈধ দখল থেকে মুক্ত করা হয়। তবে পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদের ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় ওই অভিযান আইনসম্মত হয়নি বলে দাবি করেন বস্তির বাসিন্দা ও আইনজীবীরা। এখনো কয়েক হাজার মানুষ সেখানে পলিথিন শিটের ঘর বানিয়ে বসবাস করছে। স্বাস্থ্য বিভাগের এই জমিতে 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অফ হেলথ' ভবন নির্মাণ করার কথা। বস্তির বাসিন্দা মো. কামালউদ্দিন জানান, মঙ্গলবার সকাল আটটার দিকে বিপুলসংখ্যক পুলিশের সহায়তায় ঠিকাদার প্রতিষ্ঠান সিদ্দিক অ্যান্ড কোম্পানির লোকজন নির্মাণসামগ্রী নিয়ে সীমানা প্রাচীরের মধ্যে ঢোকেন। তারা উচ্ছেদ করা জমির এক পাশে বাঁশ ও দড়ি টানিয়ে ভবন নির্মাণের জন্য সীমানা চিহ্নিত করে। এ সময় প্রায় একশ' বস্তিবাসী এক হয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেও বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতির কারণে তা বেশিদূর এগোয়নি। বস্তির সামনের একজন মুদি দোকানি জানান, ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন দেড় ঘন্টার মধ্যে সবাইকে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। কিন্তু বাসিন্দারা এজন্য কমপক্ষে সাত দিন সময় চান। বস্তির বাসিন্দা গার্মেন্টস শ্রমিক সুফিয়া বেগম বলেন, "ঠিকাদারের লোকজন আবার আগামীকাল (বুধবার) সকালে আসবে বলে জানিয়ে গেছে। এর মধ্যে মালামাল সরিয়ে না নিলে তারা নিজেরাই সব গুঁড়িয়ে দেবে বলে হুমকি দিয়ে গেছে। আমরা এখন কোথায় আশ্রয় নেবো।" গুলশান থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার সন্ধ্যায় বলেন, "ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অফ হেলথ' ভবন প্রকল্পের কাজ বাস্তবায়নকারী সংস্থা গণপূর্ত অধিদপ্তরের অনুরোধে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। এ সময় বস্তিবাসীরা মৃদু প্রতিবাদ জানালেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।" অভিযানে অংশ নেওয়া একই থানার আরেকজন উপ-পরিদর্শক সালাউদ্দিন আহম্মেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বস্তির বাসিন্দাদের আগেই ওই জমি থেকে সরে যাওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিলো। কিন্তু তারা নির্দেশ না মানায় আমরা শক্তিপ্রয়োগ করতে বাধ্য হচ্ছি।" এ ব্যাপারে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আইনজীবী এবং ২০০৩ সালে উচ্চ আদালতে রিট পিটিশন দায়েরকারীদের একজন অ্যাডভোকেট ওবায়দুর রহমান টগর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"সরকারই সিদ্ধান্ত নিয়েছিলো পুনর্বাসন ছাড়া বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না। এখন পূর্নবাসন ছাড়া তাদের উচ্ছেদ করা হলে আমরা তা সমর্থন করতে পারি না। আর প্রকৃতপক্ষে এভাবে কোন সমস্যার সমাধান হবে না।" অ্যাডভোকেট টগর জানান, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর আসকের আবেদনের পরিপ্রেক্ষিতে বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য একটি কমিটি গঠন করে। বর্তমানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম ওই কমিটির সভাপতি। ২০০৩ সালে মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল এবং বস্তির বাসিন্দা আব্দুল খালেক, তমিজউদ্দিন মাস্টার ও অংকুরন্নেছা বাদী হয়ে উচ্ছেদের সিদ্ধান্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে আদালত মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত সাততলা বস্তিসহ রাজধানীর যে কোনো বস্তি উচ্ছেদের ওপর নিষেধাজ্ঞা জারি করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২৩২২ঘ.