ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অঘোষিত আয়ের ওপর কর না নেওয়া সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবেনা তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।
আগামী তিন সপ্তাহের মধ্যে এনবিআর চেয়ারম্যানসহ পাঁচ জনকে এর জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি আব্দুর রশিদ ও বিচারপতি মিফতাহ উদ্দিন আহম্মেদ চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন।
শুনানিতে রিটকারীর আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেন, "সম্পূর্ণ উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে এনবিআর খালেদা জিয়ার আয়ের ওপর কর নেয়নি।"
সোমবার অঘোষিত আয়ের ওপর কর নিতে এনবিআরকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টে রিট আবেদন করেন খালেদা জিয়া।
আবেদনে বলা হয়েছে, ২৬ সেপ্টেম্বর খালেদা জিয়া ২০০৭-২০০৮ অর্থবছরের আয়কর রিটার্ন দেওয়ার সময় ২০০৪-২০০৫ সালের কিছু অঘোষিত অর্থের জন্য কর দেন। বাড়ি ভাড়া বাবদ পাওয়া ৩৬ লাখ টাকার জন্য এনবিআরকে ৯ লাখ ৪৫ হাজার টাকা কর দেন তিনি।
কিন্তু ব্যাংকে জমা দেওয়া ওই করের রশিদ ৮ অক্টোবর গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এনবিআর।
রিট আবেদনে আরও বলা হয়, ৪ জুন এনবিআর এক বিজ্ঞপ্তিতে বলেছিল, অঘোষিত আয়ের ওপর অতিরিক্ত ৫ শতাংশ কর দিয়ে রিটার্ন জমা দিলে ওই আয় বৈধ করা যাবে। সেই সুযোগের আওতায় সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানসহ অনেকেই অঘোষিত আয়ের জন্য কর দিয়েছেন। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী খালেদা জিয়া নিজেও এক কোটি টাকার অঘোষিত আয়ের জন্য কর দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৫১০ ঘ.
bdnews24