ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু ) লারমা পাহাড়ে ছবিসহ ভোটার তালিকা তৈরির চলমান প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করেছেন। নির্বাচন কর্মকর্তারা তার বাসা ও অফিসে দুদফা গেলেও ভোটার তালিকাভূক্ত হবেন না বলে জানিয়ে দিয়েছেন সন্তু লারমা ।
রাঙামাটি জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার রাতে টেলিফোনে তিনি বলেন, "সন্তু লারমা বরাবরই পার্বত্যাঞ্চলের স্থায়ী বাসিন্দাদের নিয়ে তৈরি করা একটি ভোটার তালিকা দিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সব ধরণের নির্বাচন করতে সরকারের কাছে জানিয়ে আসছেন।"
জেলা প্রশাসক বলেন, "এই দাবি পূরণ না হলে ভোটার তালিকাভূক্ত হবেন না বলে এরই মধ্যে সন্তু লারমা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও ইউএনও মতিউর রহমানকে জানিয়ে দিয়েছেন। এই দুজন নির্বাচন কর্মকর্তা বিষয়টি আমাকে অবহিত করেছেন।"
এ বিষয়ে সাবেক গেরিলা নেতা সন্তু লারমার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রশাসনের সূত্রের বরাত দিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের রাঙামাটি প্রতিনিধি জানান, ভোটার তালিকার তথ্য সংগ্রহকারীরা প্রথম দিনেই (২২ অক্টোবর) সন্তু লারমার বাসায় গেলে তিনি ভোটার হবেন না বলে তাদের জানিয়ে দেন। পরে বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও ইউএনও মতিউর রহমান আঞ্চলিক পরিষদ অফিসে গিয়ে অনুরোধ করলেও তিনি রাজী হননি।
গত ২২ অক্টোবর রাঙামাটি সদর উপজেলার ছয়টি ইউনিয়নে ছবিসহ ভোটার তালিকার তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। গত সোমবার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ২৮ ডিসেম্বর রাঙামাটি সদরে ভোটার তালিকা তৈরির কাজ চলবে। একই সঙ্গে ভোটারদের দেওয়া হবে জাতীয় পরিচয় পত্র।
গত ২৬ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "পার্বত্য শান্তিচুক্তি এবং এ সংক্রান্ত আইন অনুযায়ী, ওই পরিষদগুলোর নির্বাচন সেখানকার স্থায়ী বাসিন্দাদের নিয়ে পৃথক একটি ভোটার তালিকায় হওয়ার কথা। কিন্তু এখন আমরা পার্বত্য চট্টগ্রামে ছবিসহ যে ভোটার তালিকা করছি, তা জাতীয় নির্বাচনের জন্য।"
জাতীয় নির্বাচনের ওই ভোটার তালিকার পরে পরিষদগুলোর নির্বাচনের জন্য পাহাড়ের স্থায়ী বাসিন্দাদের নিয়ে কোনো ভোটার তালিকা তৈরি করা হবে কী না, তা জানতে চাইলে সে সময় সিইসি বলেন, "এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আসলে বিষয়টি নিয়ে আমরা ভাবছি না।"
পার্বত্য আঞ্চলিক পরিষদ ও জনসংহতি সমিতির পক্ষ থেকে এর আগে আওয়ামী লীগ ও বিএনপি সরকারের সময়ও শুধুমাত্র পাহাড়ের স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা করার দাবি জানানো হয়েছিল।
১৯৯৭ সালে ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য শান্তিচুক্তি এবং ১৯৯৮ সালের আঞ্চলিক পরিষদ আইনে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান -- এই তিন জেলায় পাহাড়ের স্থায়ী বাসিন্দাদের নিয়ে করা ভোটার তালিকা দিয়ে আঞ্চলিক পরিষদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে। তবে জাতীয় সংসদ নির্বাচনের বয়সের ভিত্তিতে যোগ্য স্থায়ী ও অস্থায়ী সব বাসিন্দাই ভোট দিতে পারবেন।
সংবিধান বলা হয়েছে, নূন্যতম ১৮ বছরের যে কোনো বাংলাদেশী নাগরিক ভোটার হওয়ার যোগ্যতা রাখেন।
১৯৮৯ সালে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান
bdnews24