২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার অপরাধ নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার শুরু

সাইবার অপরাধ মোকাবেলায় বিভিন্ন দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সোমবার থেকে ঢাকায় শুরু হয়েছে সাইবার অপরাধ বিষয়ক তিনদিনের আন্তর্জাতিক সেমিনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 02:45 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাইবার অপরাধ মোকাবেলায় বিভিন্ন দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সোমবার থেকে ঢাকায় শুরু হয়েছে সাইবার অপরাধ বিষয়ক তিনদিনের আন্তর্জাতিক সেমিনার। রাজধানীর হোটেল শেরাটনে বাংলাদেশ পুলিশ আয়োজিত 'রিজিওনাল সাইবার ক্রাইম সেমিনার' শীর্ষক এ সেমিনারে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, হংকং, শ্রীলংকা ও নেপালের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এতে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সোমবার সকালে সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম, অস্ট্রেলিয়ার হাইকমিশনার ডগলাস ফসকেট, বাংলাদেশে ইউএনডিপির উপ-আবাসিক পরিচালক ল্যারি মারামিস, পুলিশ সংস্কার কর্মসূচির (পিআরপি) জাতীয় প্রকল্প পরিচালক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা এবং পুলিশ সংস্কার কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক হাবার্ট স্টিবারহুফার উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে আনোয়ারুল ইকবাল বলেন, "বর্তমান আধুনিক যুগে অপরাধ কোনো সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই। সাইবার অপরাধ আন্তঃদেশীয় অপরাধ হিসেবে একটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। এর প্রভাব বিশ্বব্যাপী বিস্তৃত। সাইবার অপরাধ মোকাবেলার ব্যয়ভার বহন উন্নয়নশীল দেশগুলোর জন্য বোঝা হলেও এটি মোকাবিলা করা খুবই জরুরি।" উপদেষ্টা বলেন, "ক্রমবর্ধমান সাইবার অপরাধ অনলাইনে তথ্য-উপাত্তের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাড়িয়েছে। এটি বাংলাদেশসহ পৃথিবীর অন্যান্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও আইন প্রয়োগকারী সংস্থার জন্য একটি বড় হুমকি।" অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, "সাইবার ও প্রযুক্তিভিত্তিক অপরাধের হার দ্রুত বাড়ছে। বর্তমান প্রবণতা থেকে বোঝা যায় আগামীতে এটি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর জন্য সুনির্দিষ্ট সমস্যা হয়ে দাঁড়াবে।" উদ্বোধনী অনুষ্ঠানের বক্তারা সাইবার অপরাধ মোকাবিলায় সঠিক তদন্তের জন্য যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে পুলিশের সক্ষমতা বাড়ানোর পাশাপশি প্রযুক্তিগত ও নীতি নির্ধারণের ক্ষেত্রে উন্নয়নশীল ও শিল্পোন্নত দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করার ওপর জোর দেন। ইন্টারনেটে প্রকাশিত বিভিন্ন সংবাদের উদ্ধৃতি দিয়ে তারা বলেন, শিশুদের পর্নোগ্রাফির ছবি নামানো থেকে শুরু করে কম্পিউটার হ্যাকিং বা কারো কম্পিউটারে ভাইরাস আক্রমণ সাইবার অপরাধের মধ্যে পড়ে। বিশেষজ্ঞদের ধারণা, ২০০৭ সালে শুধু ইন্টারনেটের মাধ্যমে প্রতারণার পরিমাণ ১০ হাজার পাঁচশ কোটি ডলারে পৌঁছাতে পারে। এছাড়া ইন্টারনেটে অপরাধমূলক তৎপরতার কারণে বিশ্বব্যাপী তথ্য ক্ষতির পরিমাণ চার হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সংস্কার কর্মসূচির (পিআরপি) কর্মকর্তারা জানান, বাংলাদেশ পুলিশ ও পিআরপি এই সম্মেলনকে সাইবার অপরাধ মোকাবিলার বিভিন্ন উপায় ও পদ্ধতির সঙ্গে পরিচিত হওয়ার একটি সুযোগ হিসেবে বিবেচনা করছে। এ সেমিনারের মাধ্যমে সাইবার অপরাধ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/টিএইচ/এসএনডি/এমএ/২০৪৫ ঘ.