ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস ও কয়লা সম্পদ বা তা থেকে উৎপাদিত পণ্য রপ্তানি আইন করে নিষিদ্ধের দাবি জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
সোমবার জাতীয় প্রেসক্লাবে কমিটি আয়োজিত 'কয়লা সম্পদ ও জাতীয় স্বার্থ' শীর্ষক আলোচনা সভায় এ দাবি করা হয়। এছাড়া প্রস্তাবিত কয়লানীতিতে দেশের স্বার্থবিরোধী উপাদান রয়েছে বলেও দাবি করা হয় সেখানে।
কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ শহিদুল্লাহ বলেন, পরীক্ষামুলকভাবে উন্মুক্ত পদ্ধতির কয়লা খনি করা যাবে না। এ প্রক্রিয়া ব্যর্থ হওয়ার পাশাপাশি অর্থের অপচয় হবে। এর জন্য পরীক্ষার দরকার নেই।
প্রস্তাবিত কয়লানীতি সম্পর্কে সভায় আলোচকরা বলেন, কয়লানীতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হলেও ৫০ বছরের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে শর্ত সাপেক্ষে কয়লা রপ্তানির কথা বলা হয়েছে। অথচ কয়লা নীতিতেই দেশে এক হাজার ১৬৮ মিলিয়ন টন কয়লা মজুদের কথা বলা হয়েছে। অন্যদিকে, ২০৩৫ সাল নাগাদ দেশে বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনে কয়লা লাগবে ১২শ' মিলিয়ন টন। এ কারণে দেশের প্রয়োজন মিটিয়ে কয়লা রপ্তানি অসম্ভব।
সভায় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, এশিয়া এনার্জিকে এ দেশ থেকে বহিষ্কার না করলে স্বাধীন কয়লা নীতি প্রনয়ণ করা যাবে না। উন্মুক্ত পদ্ধতি পাহাড়ি ও মরুভূমি এলাকায় অনুসরণ করা হয়। এখানে উন্মুক্ত খনন পদ্ধতি চলবে না। এটা বাতিল ও পুরনো পদ্ধতি।
অধ্যাপক ড. হোসেন মনসুর বলেন, জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের কয়লা খনি হতে পারে না। এটা করা হলে এলাকায় জমির ঊর্বরতা নষ্ট হবে। এ খনি অর্থনৈতিকভাবে লাভজনক হবে না।
সভায় জন-জমি-পরিবেশ ও অর্থনীতি ধ্বংস করে উন্মুক্ত পদ্ধতির এমনকি পরীক্ষামূলকভাবেও উন্মুক্ত পদ্ধতির বিরোধিতা করে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের উন্মুক্ত পদ্ধতি বাতিল করা হচ্ছে। ভারতে একশ মিটারের নিচে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তুলতে দেওয়া হয় না। সেখানে বাংলাদেশে ১৮০ থেকে ৩০০ মিটার নিচে গিয়ে কয়লা তোলার জন্য উন্মুক্ত পদ্ধতির ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, বিমল বিশ্বাস, বাসদের খালেকুজ্জামান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রিন্স প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসএনডি/২০১০ ঘ.
bdnews24