২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবির সেই বিজ্ঞপ্তি সংশোধন করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়

'সাংবাদিকতাসহ সব ধরনের' চাকরি করা থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ৩ নভেম্বর যে বিজ্ঞপ্তিটি জারি করেছিল, তা সংশোধন করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 01:40 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - 'সাংবাদিকতাসহ সব ধরনের' চাকরি করা থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ৩ নভেম্বর যে বিজ্ঞপ্তিটি জারি করেছিল, তা সংশোধন করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম জাকির হোসেন ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, "চাকরি করা যে কোনো শিক্ষার্থীর মৌলিক অধিকার। তবে পূর্ণকালীন চাকরিতে নিয়োজিত কোনো সংস্থার বেতনভুক কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণের বিষয়টি বলবৎ রাখার অনুরোধ করা হলো।" বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলম সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি শুনেছি। তবে আমরা এখনো মন্ত্রণালয়ের কোনো কাগজ পাইনি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।" ৩ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধকের এক নির্দেশে বলা হয়েছিল, যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গ করে সাংবাদিকতাসহ অন্য পেশায় নিয়োজিত থাকবে, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে বিষয়টি জানানো হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ডিডি/এমআই/১৯২৯ ঘ.