ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ধর্ষণ মামলায় চাঁদপুরে এক ব্যক্তিকে এবং মাদক মামলায় ঠাকুরগাঁওয়ে অপর এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর চাঁদপুর প্রতিনিধি জানান, ধর্ষণের দায়ে মো. শেখ ফরিদ (২৬) নামে এক ব্যক্তিকে সোমবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (২) এর বিচারক রঞ্জন কুমার সাহা।
রায়ে আসামির পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাভোগের নির্দেশ দেয়া হয়। আসামির অনুপস্থিতিতেই এ রায় দেয় আদালত।
একইসঙ্গে আদালতের রায়ে বলা হয়, ওই ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া শিশু শাকিলের ২১ বছর পর্যন্ত ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্র নেবে এবং ওই শিশুপুত্র আসামি এবং বাদির বৈধ সন্তান হিসেবে গণ্য হবে।
আসামি শেখ ফরিদের বাড়ি মতলব উত্তর উপজেলার দিঘলীপাড়ের এলাকায়। মামলার পর থেকেই সে পলাতক।
২০০৪ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুরের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা এ মামলার এজাহারে বলা হয়, ওই বছরের ২৩ এপ্রিল রাতে দিঘলীপাড়া এলাকায় বাদির বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে আসামি। এতে বাদি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বাদি বিয়ের কথা বললে শেখ ফরিদ বাদিকে হত্যার হুমকি দেয়।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, মাদক মামলায় সদর উপজেলার ছোটো বেংরোল গ্রামের তাইজউদ্দীন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাস কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত দায়রা জজ মো. হাসানুজ্জামান এ রায় দেয়। আদালত মামলার অপর আসামি আব্দুল জব্বারকে বেকসুর খালাস দিয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৭ ফেব্র"য়ারি ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রণের উদ্যোগে ম্যাজিস্ট্রেট মো. মহসিনের নেতৃত্বে ছোট বেংরোল গ্রামে তাইজউদ্দীনের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ওই ঘটনার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক হানিফ মিয়া বাদি হয়ে তাইজউদ্দীন ও আব্দুল জব্বারকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪২ ঘ.
bdnews24