ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনা বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর দ্বিতীয় ন্যায়পাল হিসেবে যোগ দিয়েছেন।
সোমবার ব্র্যাক এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ন্যায়পাল মনজুর-উল করীমের মেয়াদ শেষ হওয়ার পর ব্র্যাকের পরিচালনা পরিষদ আবু হেনাকে তিন বছরের জন্য নিয়োগ দেয়।
মোহাম্মদ আবু হেনা ১৯৩৭ সালে রাজবাড়ীতে জন্মগ্রহণের পর ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনের শুরুতে শিক্ষকতা করলেও পরে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি জাপান ও ফিলিপাইনে রাষ্ট্রদূতসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর ১৯৯৬ সালে তাকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএ/১৭২৫ ঘ.
bdnews24