সিলেট, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে ৩৩০ বস্তা ইউরিয়া সার আটক করা হয়েছে।
স্থানীয় সাংবাদিক অমিত দে জানান, রোববার রাত ১১টার দিকে জগন্নাথপুর থানা পুলিশের একটি দল উপজেলার সৈয়দপুর বাজার সংলগ্ন ঘাটে একটি নৌকা থেকে ৫০ বস্তা সার আটক করে। পরে ঘাট সংলগ্ন যক্তরাজ্য প্রবাসী আব্দুল বারীর বাড়ির ভেতরে অভিযান চালিয়ে আরো সার উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ২২২ বস্তা সার উদ্ধার এবং ছয় জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার যৌথবাহিনী ওই এলাকায় অভিযান চালিয়ে প্রবাসী রইছ মিয়ার বাড়ি থেকে আরো ১০৮ বস্তা ইউরিয়া সার উদ্ধার করে। সবমিলিয়ে ওই এলাকা থেকে ৩৩০ বস্তা সার উদ্ধার করা হয়েছে।
প্রতিটি বস্তায় ৫০ কেজি করে সার রয়েছে বলে ওসি জানান।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, তাজুল ইসলাম (৩২), মন্তাজ মিয়া (৩৫), শফিক মিয়া (২৪), আবলু মিয়া (৩৫), ইয়াসিন মিয়া (৩২) ও সুলতান মিয়া (২৬)।
সার আটকের ঘটনায় জগন্নাথপুর থানায় সোমবার দুটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফো ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০৬ ঘ.
bdnews24