ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির দুটি মামলায় ঢাকা- ৪ আসনের বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের স্ত্রী মোসাম্মৎ সামসুন্নাহার ও ছেলে ইমরান আহম্মেদকে আট বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ২ এর বিচারক অমর কুমার সোমবার এ রায় দেন।
আসামি সামসুন্নাহার ও ইমারান পলাতক। তাদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে সাজা কার্যকর হবে। তবে দুটি ধারায় দেওয়া সাজা একইসঙ্গে কার্যকর হওয়ার কারণে তাদের পাঁচ বছর করে কারাভোগ করতে হবে। (বিস্তারিত)
আয়কর বিবরণীতে সম্পত্তির তথ্য গোপনের জন্য সালাউদ্দিনের স্ত্রী ও ছেলেকে পাঁচ বছর করে এবং সম্পত্তির মিথ্যা তথ্য দেওয়ার জন্য আরও তিন বছর করে কারাদণ্ড দেন আদালত।
সামসুন্নাহার নাহারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায়ে তাকে ২২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের জেল এবং আয়কর বিবরণীতে গোপন করা ৯৭ লাখ ৫০ হাজার ৪৯ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
অন্য মামলায় ইমরান আহম্মেদকে ২ কোটি ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের জেল এবং গোপন করা ৮ কোটি ২৬ লাখ ২৪ হাজার ১৬২ টাকা বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত।
আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত সহকারি কর কমিশনার এস এম ইব্রাহীম গত ১৬ সেপ্টেম্বর ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে সামসুন্নাহার ও ইমরান আহম্মেদের বিরুদ্ধে দুটি মামলা করেন। আসামিরা পলাতক থাকায় আদালত ওইদিনই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সামসুন্নাহারের বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়, আসামি ২০০২-২০০৩ করবর্ষ থেকে ২০০৬-২০০৭ করবর্ষ পর্যন্ত ৯৭ লাখ ৫০ হাজার ৪৯ টাকার আয় গোপন করে ২১ লাখ ৩১ হাজার ১৭৮ টাকার কর ফাঁকি দিয়েছেন।
ইমরানের বিরুদ্ধে ২০০২-২০০৩ থেকে ২০০৫-২০০৬ করবর্ষ পর্যন্ত ৮ কোটি ২৬ লাখ ২৪ হাজার ১৬২ টাকার ওপর প্রযোজ্য ২ কোটি ৩ লাখ ৫২ হাজার ৫৬৪ টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়।
গত ৪ অক্টোবর মামলা দুটির অভিযোগ গঠনের পর সাক্ষ্য নেওয়া শুরু হয় ৭ অক্টোবর। সাক্ষ্য শেষ হয় ৩০ অক্টোবর।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন মো. আব্দুল হক।
এছাড়া, বিশেষ জজ আদালত- ৩ এ সালাউদ্দিন, তার স্ত্রী ও তিন ছেলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা আরেকটি মামলার বিচার চলছে। পাশাপাশি সালাউদ্দিনের ছোট ছেলে তানভীর আহম্মেদের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে দায়ের করা একটি মামলাও বিচারাধীন রয়েছে।
অন্যদিকে, সালাউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলাটি উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এমএ/১৯১০ ঘ.
bdnews24