ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পেতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সফররত বিশ্বব্যাংক প্রেসিডেন্ট রবার্ট বি জেলিক। রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি সাবেক মার্কিন বাণিজ্য প্রতিনিধি হিসেবে এ ব্যাপারে বাংলাদেশকে ব্যক্তিগতভাবে যতোটুকু সম্ভব সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
এছাড়া স্থানীয় সরকার, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছেন বিশ্বব্যাংক প্রধান।
অন্যদিকে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বাংলাদেশে বিশ্বব্যাংকের বাজেট সহায়তা বাড়াতে সংস্থার প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন।
রোববার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে বিশ্বব্যাংক প্রধান রবার্ট জেলিকের বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম এ কথা জানিয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে ফাহিম মুনেম বলেন, ''যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাওয়া সংক্রান্ত একটি বিল মার্কিন কংগ্রেসে জমা পড়েছে। বিলটি পাসের ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট এ ব্যাপারে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।''
তিনি বলেন, ''বিশ্বব্যাংক প্রেসিডেন্ট সরকারের চলমান সংস্কার কর্মসূচির প্রশংসা করেছেন। একইসঙ্গে তিনি স্থানীয় সরকার, অবকাঠামো, মানব সম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরিতে সহায়তা বাড়ানো হবে বলেও জানিয়েছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।''
প্রধান উপদেষ্টার প্রেসসচিব জানান, বিশ্বব্যাংক প্রধান ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেছেন। এছাড়া তিনি বাংলাদেশের কৃষি খাত ও কৃষি প্রযুক্তি উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তা বাড়ানোরও আশ্বাস দিয়েছেন ।
ফাহিম মুনেম বলেন, ''বিশ্বব্যাংক প্রধান বাংলাদেশে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে পরামর্শ দিয়েছেন।''
তিনি জানান, প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিশ্বব্যাংকের বাজেট সহায়তা বাড়াতে সংস্থার প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন। এ ব্যাপারে রবার্ট জেলিক ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এআরএইচ/এমএসবি/এমএইচবি/২৩৫০ ঘ.
bdnews24