ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আসন্ন সেচ মৌসুমে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে প্রয়োজনে কয়লা আমদানি করবে সরকার। কয়লা খনি কর্তৃপক্ষ কয়লার স্বল্পতার কথা জানিয়ে বিদ্যুৎ কেন্দ্রটির একটি ইউনিট বন্ধ রাখার অনুরোধ করার পর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তপন চৌধুরী।
রোববার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে বিদ্যুৎ বিভাগের সার্বিক কার্যক্রম নিয়ে এক সভার পর উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "সামনে সেচ মৌসুম। কাজেই বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটই চালু রাখতে হবে। বিকল্প জায়গা থেকে কয়লার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে কয়লা আমদানি করবে সরকার।"
উপদেষ্টা জানান, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য বর্তমানে ৭৫ হাজার টন কয়লা মজুদ রয়েছে। এ কয়লা দিয়ে ৪০ দিন বিদ্যুৎ কেন্দ্র চালু রাখা যাবে।
এ বিষয়ে খনি কর্তৃপক্ষের সঙ্গে মঙ্গলবার একটি বৈঠক ডাকা হয়েছে বলেও জানান উপদেষ্টা।
এদিকে বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট মন্ত্রণলায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, কয়লাখনি কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই তারা কয়লা খনির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করবে। এ কারণে ১৫ নভেম্বর থেকে ১৫ ফেব্র"য়ারি পর্যন্ত খনি বন্ধ রাখা হবে। এই সময়ে কয়লা সরবরাহও বন্ধ থাকবে। তাই বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের একটি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/জেকে/এমএইচবি/১৯২৬ ঘ.
bdnews24