ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট মামলায় শেখ হাসিনার জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। জরুরি আইনের আওতায় মামলাটির কার্যক্রমও স্থগিত করা হয়েছে।
পাশাপাশি মামলাটি জরুরি আইনের আওতায় নেওয়ার সিদ্ধান্ত ও মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকার ও দুর্নীতি দমন কমিশনকে ৮ সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে বলেছে আদালত।
শেখ হাসিনার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন। তবে মামলার তদন্ত চলবে বলে জানান তারা।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে।
মামলার অন্য আসামিরা হলেন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরউদ্দীন মাহমুদ কামাল, সামিট ইন্ডাস্ট্রিজ এন্ড মার্কেন্টাইল করপোরেশন লি. এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মাদ আজিজ খান, একই কোম্পানির পরিচালক মুহাম্মদ ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ।
গত ২০ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় নেয় সরকার।
২৮ অক্টোবর হাসিনা মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। একইসঙ্গে এ মামলায় জামিনের আবেদনও করেন তিনি।
গত ১৬ জুলাই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে তার ধানমণ্ডির বাসা থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনীর সদস্যরা। ওইদিনই ব্যবসায়ী আজম জে চৌধুরীর তিন কোটি টাকার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সংসদ ভবন চত্বরের বিশেষ কারাগারে পাঠানো হয়। ১৩ জুন ব্যবসায়ী নূর আলীর দায়ের করা আরেকটি চাঁদাবাজির মামলায় হাসিনাকে গ্রেপ্তার দেখানো হয়। দুটি মামলাই জরুরি ক্ষমতা আইনের অন্তর্ভুক্ত করে সরকার।
এর বৈধতা নিয়ে ও জামিন চেয়ে শেখ হাসিনা হাইকোর্টে রিট করলে আদালত দুই মামলাতেই তার জামিন মঞ্জুর করে। পরে সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে দেয়।
ফলে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট মামলায় জামিন পেলেও শেখ হাসিনা আপাতত মুক্তি পাচ্ছেন না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএ/১৭৩২ ঘ.
bdnews24