২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তারকৃত শিক্ষক-ছাত্রের মুক্তির দাবি ঢাবি শিক্ষকদের

কারাগারে অন্তরীণ ছাত্র ও শিক্ষকদের মামলা থেকে অব্যাহতি দিয়ে তাদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও এক ছাত্রের বোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 03:31 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাগারে অন্তরীণ ছাত্র ও শিক্ষকদের মামলা থেকে অব্যাহতি দিয়ে তাদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও এক ছাত্রের বোন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মুহম্মদ আখতারুজ্জামান ও সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুহম্মদ সামাদ শনিবার বিকেলে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সঙ্গে দেখা করে তাদের দাবির কথা জানান। এসময় তারা কারাগারে অন্তরীণ শিক্ষকদের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। পরে অধ্যাপক আরেফিন সিদ্দিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধ্যাপক ড. আনোয়ার হোসেন খুবই অসুস্থ। শুক্রবার তিনি কারাগারের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে যান। এছাড়া অধ্যাপক হারুন অর রশীদের হাত ফুলে গেছে।" কারাগারে অন্তরীণ শিক্ষকদের মামলা থেকে অব্যাহতি দিয়ে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান তিনি । উপাচার্যের সঙ্গে দেখা করার পর অধ্যাপক ড. মুহম্মদ সামাদ সাংবাদিকদের বলেন, "আটক ছাত্র-শিক্ষকদের দ্রুত মুক্তি দেওয়া হবে এই আশা নিয়েই বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছিলো। কিন্তু এখনও পর্যন্ত ছাত্র-শিক্ষকরা মুক্তি না পাওয়ায় শিক্ষকরা উদ্বিগ্ন। তাই মামলা প্রত্যাহার করে দ্রুত তাদের মুক্তি দেওয়া হোক।" এদিকে, কারাগারে আটক অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দ্বীন ইসলামের বোন নার্গিস আক্তার শনিবার ভাইয়ের মুক্তির দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের কাছে একটি দরখাস্ত দিয়েছেন। এতে আইনী প্রক্রিয়ায় দ্বীন ইসলামকে মুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে। কয়েকদিন আগে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দ্বীন মোহাম্মদ অ্যাঞ্জেলের বাবা ইদ্রিস আলী শেখও ছেলের মুক্তির ব্যাপারে সহযোগিতা চেয়ে উপাচার্যের কাছে একটি দরখাস্ত দেন। ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মানবেন্দ্র দেবের মুক্তির জন্য সংগঠনটির নেতা-কর্মীরা উপাচার্যের সাথে দেখা করেছেন। ২০ আগস্ট শাহবাগ এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দ্বীন ইসলাম,অ্যাঞ্জেল ও মানবেন্দ্রকে গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে কারাগারে রয়েছে। এদিকে, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দের' নামে প্রায় দুইশ স্বাক্ষর সম্বলিত একটি আবেদন শনিবার উপাচার্যের কাছে জমা দেওয়া হয়। এতে বলা হয়, 'শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে গ্রেপ্তারকৃত চার শিক্ষককে জামিন দেওয়া হোক, ছাত্র-শিক্ষক হয়রানি বন্ধ করা হোক'। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এসকে/২১১৭ঘ.