২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রের সব অঙ্গকে সহায়ক হতে হবে : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি মো: রুহুল আমিন বলেছেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণ জাতির দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা ছিল। তিনি বলেন, ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়নের পর থেকে এ সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ করতে সমগ্র জাতিকে প্রায় ৩৫ বছর অপেক্ষা করতে হল। বিচার বিভাগ পৃথক হওয়া উপলক্ষ্যে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'ঢাকা জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি ও মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেসির উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, কোনো একটি আইন কার্যকর করা কিংবা একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মধ্য দিয়েই রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়ে যায় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 12:36 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - প্রধান বিচারপতি মো: রুহুল আমিন বলেছেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণ জাতির দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা ছিল। তিনি বলেন, ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়নের পর থেকে এ সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ করতে সমগ্র জাতিকে প্রায় ৩৫ বছর অপেক্ষা করতে হল। বিচার বিভাগ পৃথক হওয়া উপলক্ষ্যে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'ঢাকা জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি ও মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেসির উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, কোনো একটি আইন কার্যকর করা কিংবা একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মধ্য দিয়েই রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়ে যায় না। ওই আইনের সুফল জনগণকে পৌঁছে দিতে হলে নির্বাহী বিভাগসহ রাষ্ট্রের অন্যান্য অঙ্গগুলোকে সহায়ক ভূমিকা পালন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন রাষ্ট্রের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে। বিচার বিভাগ পৃথক হওয়া প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, "আমরা এমন একটি ব্যবস্থায় প্রবেশ করতে যাচ্ছি যেখানে বিচার বিভাগের সদস্যরা জেলা পর্যায়ে ফৌজদারি মামলা বিচারের বিচারিক ক্ষমতা ভোগ করবেন।" তিনি মন্তব্য করেন, বিচারকদের হাতে বিচারের ক্ষমতা থাকে কিন্তু সত্যিকার অর্থে এটা কোনো ক্ষমতা নয়, বরং তা ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের দুর্দশা লাঘবের 'পবিত্র দায়িত্ব'। বিচার বিভাগ পৃথক হওয়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের এ ক্রান্তিকালে অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করতে হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। তবুও জনগণের প্রত্যাশা পূরণ এবং বিচার বিভাগ পৃথককরণের যৌক্তিকতা প্রতিষ্ঠায় সর্বোচ্চ সততা নিয়ে তাদেরকে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। প্রধান বিচারপতি বলেন, " রাষ্ট্রের প্রত্যেক অঙ্গের নিজস্ব দায়িত্ব ও কর্তব্য থাকে। কিন্তু আমার বিবেচনায় এ সকল কর্মকাণ্ডেরই চূড়ান্ত লক্ষ্য হল জনগণের জন্য সুবিচার নিশ্চিত করা।" প্রধান বিচারপতি বলেন, "নতুন দায়িত্ব কাঁধে নেওয়া বিচার বিভাগের সদস্যরা কঠোর পরিশ্রম এবং আত্মোৎসর্গীকৃত সেবার মধ্য দিয়ে বিচার বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করবেন এবং জনগণের আস্থা অর্জন করতে পারবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এসকে/১৮২৬ ঘ.