২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারয়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

ফতুল্লার দাপা এলাকার একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে সোমবার বিক্ষোভ করেছে ওই কারখানার শ্রমিকরা। এ সময় তাদের সঙ্গে কয়েকটি কারখনার শ্রমিকরাও যোগ দেয়। তারা সড়ক অবরোধ, কয়েকটি তৈরি পোশাক কারখানায় হামলা ও গাড়ি ভাংচুর করে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 03:30 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ফতুল্লার দাপা এলাকার একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে সোমবার বিক্ষোভ করেছে ওই কারখানার শ্রমিকরা। এ সময় তাদের সঙ্গে কয়েকটি কারখনার শ্রমিকরাও যোগ দেয়। তারা সড়ক অবরোধ, কয়েকটি তৈরি পোশাক কারখানায় হামলা ও গাড়ি ভাংচুর করে বলে পুলিশ জানিয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভুঁইয়া মাহবুব হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মেরিনা এ্যাপারেলসে ঈদের আগে ৬৬ জন শ্রমিক ছাঁটাই হয়। এছাড়াও কর্মকর্তাদের মারধর করার অভিযোগে কর্তৃপক্ষ আরও ১১৩ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা করে। এসব ঘটনায় গত কয়েকদিন ধরে ওই কারখানার শ্রমিকের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। সোমবার সকালে শ্রমিকরা কাজে এসে জানতে পারে কারাখানাটি চারদিনের জন্য বন্ধ ঘোষণা ও ১২২ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। মাহবুব হাসান জানান, মেরিনা এ্যাপারেলসের শ্রমিকরা প্রথমে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের দাপায় অবস্থিত হামিদ ফ্যাশনে হামলা চালায়। তারা ওই কারখানার শ্রমিকদের বের করে আনে এবং আধঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা ৫টি যানবাহন ভাংচুর করে। এরপর তারা সেখান থেকে পোস্ট অফিস রোড, কাঠের পুল, সস্তাপুর কুতুবাইল ও শিবু মার্কেট এলাকায় মেট্রো, লিবার্টি, মিশওয়ার, পলমল, ক্যাডটেক্সসহ বড় বড় কয়েকটি তৈরি পোশাক কারখানায় ইট পাটকেল ছোঁড়ে। ওইসব কারাখানার শ্রমিকরাও তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয়। এ সময় তারা আরো ৯টি যানবাহন ভাংচুর করে। শ্রমিকদের অবরোধে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক ও পুরোনো সড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়ে। পুলিশ কর্মকর্তা জানান, সকাল ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবরোধ সরানোর চেষ্টা করলে কয়েক হাজার শ্রমিকের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শূরু হয়। শ্রমিকদের ওপর বেধড়ক লাঠিচার্জ করা হয়। শ্রমিকরাও ইট পাটকেল নিক্ষেপ করে। পরে ফতুল্লা সেনা ক্যাম্পে মালিক, শ্রমিক ও প্রশাসনের সমন্বয়ে মেরিনা এ্যাপারেলসের সমস্যা সমাধানে বৈঠক হয়। নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. ছিবগাতউল্লাহ জানান, মেরিনা এ্যাপারেলসের সংকট নিরসনে আগামী শনিবার আবারও সংশ্লিষ্ট সব পক্ষ বৈঠকে বসবেন। সমঝোতা না হওয়া পর্যন্ত গার্মেন্টস বন্ধ থাকলেও শ্রমিকরা তাদের বেতন ভাতা পাবেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৭ঘ.