২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট ও ব্রাহ্মণবাড়িয়ায় জালনোটসহ তিন জন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং বাগেরহাটের চিতলমারী উপজেলায় জালনোটসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 12:46 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং বাগেরহাটের চিতলমারী উপজেলায় জালনোটসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর বাগেরহাট প্রতিনিধি জানান, চিতলমারী উপজেলা সদরের একটি চায়ের দোকানের ক্যাশবাক্স থেকে পুলিশ সোমবার দুপুরে ৫০০ টাকার চারটি জালনোট উদ্ধার করেছে। গ্রেপ্তার করে দোকান মালিক বাবুল শেখকে। চিতলমারী থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক রেজাউল করীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ওই জাল নোটগুলো উদ্ধার করা হয়। তবে বাবুল জাল নোট রাখার অভিযোগ অস্বীকার করে স্থানীয় সাংবাদিকদের জানায়, তাকে হয়রানির জন্য ষড়যন্ত্র মূলকভাবে কেউ তার ক্যাশবাক্সে নোটগুলো রেখে যায়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, কসবা উপজেলার যমুনা বাজারে রোববার বিকালে ১১০টি জাল নোটসহ দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এরা হচ্ছে, ওই উপজেলার শিমরাইল গ্রামের হুমায়ূন কবীরের ছেলে জিয়াউর রহমান (৩৫) এবং কানু মিয়ার ছেলে রাজন (২০)। প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়া ও বাবু যমুনা বাজারে এক ব্যবসায়ীর কাছ থেকে মালামাল কিনে ৫০ টাকার কয়েকটি নোট দিলে ওই ব্যবসায়ীর সন্দেহ হয়। তখন তিনি আশেপাশের ব্যবসায়ীদের দেখালে সবাই নোটগুলো জাল বলে শনাক্ত করে। তখন জনতা তাদের আটক করে দেহে তল্লাশি চালিয়ে ৫০ টাকার ১১০টি জালনোট পায়। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। কসবা থানার উপ-পরিদর্শক শ্যামল রায় জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৯ ঘ.