বাগেরহাট, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রকল্ডের কাজ আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে। প্রথম পর্যায়ে কাজ হবে বাগেরহাট পৌরসভা এবং সদর উপজেলায়। ৪ নভেম্বর থেকে তথ্য সংগ্রহ শুরু হলেও ১১ নভেম্বর থেকে শুরু হবে ছবি তোলা ও নিবন্ধনের কাজ। আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকার কাজও শুরু হবে সেদিন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক জানান, আগামী ৪ থেকে ১০ নভেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। ১১ নভেম্বর থেকে শুরু হবে ছবি তোলা ও নিবন্ধনের কাজ, যা ২১ নভেম্বর পর্যন্ত চলবে।
এ লক্ষ্যে ৭১৩ জন তথ্য সংগ্রহকারী ও ১১৪ জন সুপারভাইজারের দক্ষতা উন্নয়নে ১ নভেম্বর থেকে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হচ্ছে বলে নির্বাচন কার্যালয় জানায়। এছাড়া নিবন্ধনে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে নানা কর্মসূচিও হাতে নেয়া হয়েছে।
বাতিল হওয়া তালিকা অনুযায়ী বাগেরহাট জেলায় ভোটার ছিলেন ১০ লাখ নব্বই হাজার ৬৩৮ জন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১১ ঘ.
bdnews24