ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হত্যা ও মাদক মামলায় বরিশাল ও সাতক্ষীরায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর বরিশাল প্রতিনিধি জানান, হত্যা মামলায় সোমবার বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সিদ্দিকুল আরেফিন চৌধুরী তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, আগৈলঝাড়া উপজেলার ভদ্রপাড়া গ্রামের মো. হানিফ ব্যাপারী, টেমার গ্রামের উত্তম দেবনাথ এবং নাগার গ্রামের প্রফুল্ল বল্লভ। এদের মধ্যে প্রফুল্ল বল্লভ পলাতক রয়েছেন।
ওই উপজেলার নাগার গ্রামের সুভাষ বল্লভ হত্যা মামলার রায়ে তাদের এ দণ্ড দেয়া হয়। রায়ে অভিযুক্তদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাস কারাভোগের নির্দেশ দেয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১২ আগস্ট সুভাষ বল্লভ নাগার গ্রামের তালতলা বাজারের গিয়ে নিঁেখাজ হন। পরদিন বাজার সংলগ্ন ভেড়িবাঁেধর কাছে তার গলাকাটা লাশ পাওয়া যায়।
নিহতের ভাই জিতেন্দ্র নাথ বল্লভ বাদি হয়ে ওই দিনই তিন জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, মাদক রাখার অপরাধে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক আশিষ রঞ্জন দাস। এছাড়া জাল টাকা রাখার দায়ে একই আদালত পৃথক মামলায় ওই দুজনকেই সাত বছর কারাদণ্ড দেয়।
সাজাপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার ভবানিপুর গ্রামের মিজানুর রহমান (২৭) ও বাঁশদহা গ্রামের আসাদুল হক (২৫)।
মামলার বিবরণে জানা যায়, র্যাব-৬ খুলনার একটি দল ২০০৬ সালের ২১ মার্চ সাতক্ষীরার লাবসা হাইস্কুলের সামনে দুই আসামিকে গ্রেপ্তার করে। তাদের সঙ্গে পাওয়া যায় ২০০ গ্রাম হেরোইন ও ১০০ টাকার একটি জাল নোট। ঘটনায় পরদিন র্যাব কর্মকর্তা ইউনুছ আলী বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় পৃথক দুটি মামলা করেন। ওই বছরের ২৩ জুন আদালতে দুই মামলার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক বাবুল আক্তার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24