২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে বর্ধিত শুল্ক কার্যকর ৩১ অক্টোবর

চট্টগ্রাম বন্দরে 'কি গ্যান্ট্রি ক্রেন' এর মাধ্যমে কন্টেইনার হ্যান্ডলিং শুল্ক, টাগবোট ভাড়া ও জাহাজে সরবরাহ করা খাবার পানির দাম আগামী ৩১ অক্টোবর থেকে বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 01:55 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে 'কি গ্যান্ট্রি ক্রেন' এর মাধ্যমে কন্টেইনার হ্যান্ডলিং শুল্ক, টাগবোট ভাড়া ও জাহাজে সরবরাহ করা খাবার পানির দাম আগামী ৩১ অক্টোবর থেকে বাড়ছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) হারুন মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন শুল্কের হার গত সপ্তাহে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়। আগামী ৩১ অক্টোবর থেকে এটি কার্যকর হবে। তিনি বলেন, "নতুন শুল্ক অনুযায়ী ২০ ফুটের বোঝাই কন্টেইনারে হ্যান্ডলিং শুল্ক ধার্য করা হয়েছে ১৫ ডলার যা আগে ছিল সাড়ে ১৪ ডলার। একই দৈর্ঘ্যরে খালি কন্টেইনার হ্যান্ডলিংয়ের শুল্ক সাত ডলার ৩০ সেন্ট থেকে বাড়িয়ে সাড়ে সাত ডলার করা হয়েছে। অন্যদিকে, ৪০ ফুট বোঝাই কন্টেইনার হ্যান্ডলিংয়ের নতুন শুল্ক ধরা হয়েছে সাড়ে ২২ ডলার, এই শুল্ক আগে ছিল ২১ দশমিক ৭ ডলার। এ ধরনের খালি কন্টেইনারের নতুন শুল্ক ১০ দশমিক ৮ ডলার থেকে বাড়িয়ে সোয়া ১১ ডলার করা হয়েছে।" চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান কমোডোর এম ফারুক জানান, বন্দরে ২০০৫ সালে 'কি গ্যান্ট্রি ক্রেন' চালুর পর এই প্রথম কন্টেইনার হ্যান্ডলিং শুল্ক বাড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, শুল্ক বাড়ানোর পরও রপ্তানি ও আমদানি পণ্যের দামের ক্ষেত্রে তা তেমন প্রভাব ফেলবে না। এছাড়া, নতুন শুল্ক হার প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম। চবক সদস্য হারুন মিয়া জানান, টাগবোটে তিনটি ক্যাটাগরিতে গড়ে ৪৩ দশমিক ৬৪ শতাংশ ভাড়া বেড়েছে। পানির দাম বেড়েছে গড়ে ৭২ শতাংশ। টাগ বোটের মাধ্যমে প্রধান লাইন থেকে পানি নিলে আগে যেখানে দশমিক ৯২ ডলার দিতে হতো এখন সেখানে দেড় ডলার দিতে হবে। জাহাজের মাধ্যমে পানি নিলে ছয় দশমিক চার ডলার দিতে হবে। আগে দিতে হতো তিন দশমিক ৪২ ডলার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/এসএনডি/১৯৫০ ঘ,