২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের অভিযোগে বরিশালে দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর দুই কনস্টেবলকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 08:41 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

বরিশাল, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর দুই কনস্টেবলকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এরা হলেন, বগুড়া রোড পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. আলাউদ্দিন ও শহিদুল ইসলাম। ঘটনার সত্যতা স্বীকার করে সহকারী পুলিশ কমিশনার (এসি) হায়াতুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএম কলেজ এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনায় ওই দুই কনস্টেবলকে গত ২৫ অক্টোবর প্রত্যাহার করা হয়েছিল। ঘটনার তদন্ত শেষে ছিনতাইয়ে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় শনিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।" ছিনতাই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইকরামুল হক জানান, রোববার দুই অভিযুক্তকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুনিম হাসানের আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডের আবেদন জানানো হয়। তখন বিচারক আগামী ৩০ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে তাদের জামিনের আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার উদ্ধৃতি দিয়ে হায়াতুল ইসলাম জানান, ঝিনাইদহ থেকে জিএম পরিবহনে করে আলমগীর নামের এক যুবক ২৪ অক্টোবর রাতে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্টান্ডে নামে। গতিবিধি সন্দেহজনক অভিযোগ করে ওই দুই কনস্টেবল আলমগীরের দেহ তল্লাশি করে এবং তার সঙ্গে থাকা এক লাখ টাকা থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায়। ঘটনার পরদিন আলমগীর বাদি হয়ে অজ্ঞাতনামা দুই জনকে আসামি করে কোতয়ালি মডেল মডেল থানায় মামলা করেন। মামলার প্রাথমিক তদন্তে দুই কনস্টেবলের জড়িত থাকার যোগসূত্র পাওয়া গেলে গত ২৫ অক্টোবর পুলিশ কমিশনার খান সাঈদ হাসান অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহারের নির্দেশ দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৮ ঘ.