২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা সীমান্তে আবারো বিএসএফের গুলি, কৃষক নিহত

সীমান্তে আবারো গুলি চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। রোববার সকালে দামুড়হুদা উপজেলার বারাদী সীমান্তে বিএসএফ সদস্যদের গুলিতে আমিনুল ইসলাম নামে এক কৃষক নিহত হয়েছে বলে বিডিআর জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 07:55 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

চুয়াডাঙ্গা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সীমান্তে আবারো গুলি চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। রোববার সকালে দামুড়হুদা উপজেলার বারাদী সীমান্তে বিএসএফ সদস্যদের গুলিতে আমিনুল ইসলাম নামে এক কৃষক নিহত হয়েছে বলে বিডিআর জানায়। গত তিন দিনে ওই এলাকায় বাংলাদেশ সীমান্ত লক্ষ করে বিএসএফ তিন দফা গুলি চালালো। তবে আগের দুবার কেউ হতাহত হয়নি। সীমান্ত সমস্যা নিয়ে আলোচনায় বিএসএফের মহাপরিচালক আশিস কুমার মিত্রের বাংলাদেশ সফরের মধ্যেই এ গোলাগুলির ঘটনা ঘটছে। রোববারের গোলাগুলি সম্পর্কে ৩৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোতাহার হোসেন সাংবাদিকদের জানান, সকাল ৭টার দিকে আমিনুল(৩৫) ক্ষেতে কাজ করতে গেলে বারাদী সীমান্তের ৭৭ নম্বর মেইন পিলারের ওপারে বিএসএফের বিজয়পুর ফাঁড়ির সদস্যরা তাকে লক্ষ করে গুলি ছোড়ে। এতে আমিনুল ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ আমিনুলের লাশটি ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিডিআর কর্মকর্তারা জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেয়া হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের এক প্রতিবেদনে গত মঙ্গলবার জানানো হয়, সীমান্ত এলাকায় ২০০০ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৬৫৩ বাংলাদেশী বিএসএফের গুলিতে নিহত হয়েছে। এর মধ্যে চলতি বছরে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৯৪ জন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৪ ঘ.