ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নেশার ট্যাবলেট ইয়াবা ব্যবসায়ী আমিন হুদা (৩৬) ও তার প্রতিষ্ঠানের কর্মচারী আহসানুল হক হাসানকে (৩৪) দুটি মামলায় চার দিন করে মোট আট দিনের রিমান্ডে নিয়েছে গুলশান থানা পুলিশ।
মামলা দুটির তদন্ত কর্মকর্তা আমিনুর রশিদ শনিবার দুই অভিযুক্তকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে প্রত্যেক মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে হাকিম এস এম মাহবুবুর রহমান চার দিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিতে আসামিদের পক্ষে অ্যাডভোকেট জাকারিয়া হায়দার ও বিধান চন্দ্র সাহা দাবি করেন, আমিন হুদা ও আহসানুল হক ষড়যন্ত্রের শিকার।
আইনজীবীরা বলেন, আমিন হুদা ঈশ্বরদী ইপিজেডে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য চুক্তি করার পর ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে এই মিথ্যা মামলা করে।
গত ২৪ অক্টোবর রাতে গুলশানের দুটি বাড়িতে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা প্রায় পাঁচ কেজি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির যন্ত্রপাতি ও বিভিন্ন নিষিদ্ধ সামগ্রীসহ আমিন হুদা ও আহসানুল হককে গ্রেপ্তার করে।
শুক্রবার রাতে গুলশান থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনের আওতায় দুটি মামলা দায়ের করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২০২৭ ঘ.
bdnews24