২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিশ্ব জনমত তৈরি করে টিপাইমুখ বাঁধ প্রকল্প বাস্তবায়ন প্রতিরোধ করতে হবে'

ভারতের মনিপুর রাজ্যে টিপাইমুখ বাঁধ নির্মিত হলে বাংলাদেশের পরিবেশ মারাত্মকভাবে বিপর্যন্ত হবে। তাই বিশ্ব জনমত তৈরি করে টিপাইমুখ বাঁধ প্রকল্পের বাস্তবায়ন ঠেকাতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 10:56 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

সিলেট, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারতের মনিপুর রাজ্যে টিপাইমুখ বাঁধ নির্মিত হলে বাংলাদেশের পরিবেশ মারাত্মকভাবে বিপর্যন্ত হবে। তাই বিশ্ব জনমত তৈরি করে টিপাইমুখ বাঁধ প্রকল্পের বাস্তবায়ন ঠেকাতে হবে। শনিবার 'সিলেটের নদ-নদীর অবস্থা ও টিপাইমুখ বাঁধ' শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ আহ্বান জানান। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও সিলেট পরিবেশ আন্দোলন সিপা যৌথভাবে ওই বৈঠকের আয়োজন করে। বৈঠক থেকে দক্ষিণ এশিয়ায় সুষ্ঠু নদী শাসনে বাংলাদেশ, ভারত, ভূটান ও নেপাল এ চার দেশ মিলিয়ে একটি নির্বাহী সংস্থা গঠনের প্রস্তাব দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাপার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, "ভারত সে দেশের উত্তর-পূর্বাঞ্চলকে জলবিদ্যুৎ উৎপাদনের মেশিন হিসেবে ব্যবহার করে ওই এলাকা ধ্বংসের পাঁয়তারা চালাচ্ছে। ওই অঞ্চলের মানুষরাও এর বিরুদ্ধে প্রতিবাদ করছে, আমাদেরও প্রতিবাদ করতে হবে। সম্মিলিত প্রতিবাদের মধ্য দিয়ে বিশ্ব জনমত তৈরি করে টিপাইমুখ বাঁধ প্রকল্পের বাস্তবায়ন প্রতিরোধ করতে হবে।" বাংলাদেশ, ভারত, ভূটান ও নেপাল এ চার দেশের সরকারকে একটি নির্বাহী সংস্থা গঠনের মাধ্যমে সুষ্ঠু নদী শাসনে এগিয়ে আসার আহ্বান জানান আবুল মুহিত। মূল প্রবন্ধে বাপার সাধারণ সম্পাদক ও জাতীয় নদী রক্ষা আন্দোলনের সমন্বয়কারী ডা. আব্দুল মতিন বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে মোট নদীপথ ছিল ২৪ হাজার ১৪০ কিলোমিটার, যা এখন কমে ৩৮০০ কিলোমিটারে দাঁড়িয়েছে। মনিপুর রাজ্যে বরাক নদীর ওপর টিপাইমুখ বাঁধ নির্মিত হলে সিলেট তথা বাংলাদেশে মারাত্মক পরিবেশ বিপর্যয় দেখা দেবে। ওই সীমান্তবর্তী সাতটি জেলায় ব্যাপক ভূ-প্রাকৃতিক পরিবর্তনের কারণে জাতীয় অর্থনীতিতেও ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। টিপাইমুখ বাঁধ প্রকল্প জাতিসংঘ জলপ্রবাহ কনভেনশন ১৯৯৭, বাংলাদেশ-ভারতের মধ্যকার ফারাক্কা চুক্তি-১৯৯৬ ও বিশ্বব্যাংকের পরিবেশ নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে মূল প্রবন্ধে ওই প্রকল্প বাস্তবায়ন বন্ধের জন্য ভারতের প্রতি আহ্বান জানানো হয়। এতে আরো বলা হয়, ভারতীয় আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের ৪০ ভাগ নদীতে পানি প্রবাহ কমে যাবে। আর ১৫ থেকে ২০ ভাগ পানি প্রবাহ কমলেই নাব্যতা হারাবে ১০০টি নদী। বাপার সিলেট শাখার সভাপতি অধ্যাপক সদরুদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল আউয়াল বিশ্বাস, সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এএইচএম ফখরুল ইসলাম, বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল, সিলেট পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম, মৌলভীবাজার পরিবেশ আন্দোলনের সভাপতি ডা. জিল্লুল হক প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩২ ঘ.