ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডি এলাকার সন্ত্রাসী নাজিমউদ্দিন বাবু (৩০) ও তার সহযোগী রুমিকে গ্রেপ্তার করেছে র্যাব।
জিজ্ঞাসাবাদে বাবু নিজেকে ধানমণ্ডি থানা ছাত্রলীগের সভাপতি এবং পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের আত্মীয় দাবি করেছে বলে জানিয়েছে র্যাব কর্মকর্তারা। তাদের ভাষ্য অনুযায়ী, ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের ধরে বিক্ষোভ ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নির্দেশে সহযোগীদের নিয়ে ধানমণ্ডি এলাকায় মিছিল ও ভাঙচুর করে বলেও স্বীকার করেছে বাবু। ওই মিছিলে বিএনপির কর্মীরাও অংশ নেয় বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার দুপুরে টিকাটুলিতে র্যাব-৩ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তরা এসব তথ্য দেন। বাবুকেও এই সংবাদ সম্মেলনে হাজির করা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবেও সে ভাঙচুরে অংশ নিয়েছিল বলে জানায়।
র্যাব-৩ এর অধিনায়ক উইং কমান্ডার সুলতান মুহাম্মদ নূরানি সাংবাদিকদের জানান, র্যাব-২ এর একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও সিপাহীবাগের একটি বাসায় অভিযান চালিয়ে বাবুকে গ্রেপ্তার করে। বাবুর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী রুমীকে আটক করা হয়। পরে তার আরেক সহযোগী স্বপনের বাসায় অভিযান চালিয়ে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে র্যাব সদস্যরা।
র্যাব অধিনায়ক জানান, জিজ্ঞাসাবাদে বাবু পান্থপথের সাগর হত্যা, ঢাকা কলেজের সামনে পিন্টু হত্যা, গ্রীনরোড এলাকায় সেকেন্দার হত্যা, লিয়াকত হত্যা ও ক্রিসেন্ট রোডে রূপক ও হালিম হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হলে 'ছাত্রলীগের উচ্চ পর্যায়ের নির্দেশে' সহযোগীদের নিয়ে ধানমন্ডি এলাকায় কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাঙচুর করে বলেও জানিয়েছে বাবু।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজিমউদ্দিন বাবু বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর ঢাকা মহানগর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে উচ্চ পর্যায় থেকে আমাদের মিছিল করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ পাওয়ার পর সহযোগীদের নিয়ে আমি মিছিল বের করি। বিএনপির স্থানীয় নেতা-কর্মীরাও দলের উচ্চ পর্যায়ের নির্দেশে ওই মিছিলে অংশ নেয়।"
ওই র্যাব কর্মকর্তা জানান, বাবু ধানমণ্ডি এলাকায় বিভিন্ন পোশাক কারখানা থেকে প্রতি মাসে ৮০ হাজার টাকা করে চাঁদা আদায় করতো। সে বিভিন্ন ব্যাংকের তিনটি ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকে। এসব ক্রেডিট কার্ডের মাধ্যমেই চাঁদার টাকা লেনদেন হতো। জিজ্ঞাসাবাদে বাবু তার গডফাদারদের নামসহ আরো অনেক স্পর্শকাতর তথ্য দিয়েছে। কিন্তু সত্যতা যাচাই না করে তা প্রকাশ করা যাবে না বলে সুলতান মুহাম্মদ জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/২০৩৭ ঘ.
bdnews24