ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ ও বাগেরহাট থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের একটি পুকুর পাড় থেকে বৃহস্পতিবার রাতে সেরাজুল ইসলাম(৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।
সেরাজুল পৌর এলাকার নামোশংকরবটি মহল্লার বাসিন্দা।
সদর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোকেয়া জানান, সেরাজুল ইসলাম গত ২০ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার দীঘিপাড়া গ্রামের কয়েকজন কৃষক ওই এলাকার একটি পুকুর পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে সন্ধ্যায় থানায় খবর দেয়। পুলিশ রাতে লাশ উদ্ধার করে।
শুক্রবার দুপুরে সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এএসআই রোকেয়া জানান, এ ঘটনায় সদর থানার এসআই আখতার বাদি হয়ে একটি হত্যামামলা করেছেন।
বাগেরহাট প্রতিনিধি জানান, শহরের দড়াটানা সেতুর ভৈরব নদীর পূর্ব পাড়ের চর থেকে বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা (৩৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল হুদা জানান, ভৈরব নদীর শাখা সুরখালী খালের চর থেকে বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়। তার পরনে ছিল চেক লুঙ্গি, গোল গলার হাফ গেঞ্জি ও টিয়া রঙের ফতুয়া।
লাশের বুকের ডান পাশে, নাকে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশটি শুক্রবার বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৭৩১ ঘ.
bdnews24