ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি সচিব) বদিউর রহমানের স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন মঞ্জুর করেছে সরকার।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক আদেশে বদিউর রহমানকে এক বছরের অবসর প্রস্তুতিকালীন ছুটিসহ আগামী ২০০৮ সালের ২২ নভেম্বর থেকে অবসর দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।
আদেশে বলা হয়, "ওএসডি সচিবকে ১৯৭৪ সালের গণ কর্মচারি অবসর আইনের ৯-এর ১ ধারা অনুযায়ী চাকুরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় তার আবেদন মোতাবেক স্বেচ্ছায় অবসর গ্রহণের সুবিধার্থে আগামী ২২ নভেম্বর ২০০৭ থেকে ২১ নভেম্বর ২০০৮ পর্যন্ত এক বছর পূর্ণ বেতনে অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) মঞ্জুর করা হয়েছে। উক্ত ছুটি ভোগ শেষে তিনি ২০০৮ সালের ২২ নভেম্বর থেকে সরকারি চাকরি হতে পূর্ণ অবসর গ্রহণ করবেন। এ সময়ে তিনি বিধি অনুযায়ী পেনশনসহ অন্যান্য সুবিধাধি পাবেন।"
১৮ অক্টোবর বদিউর রহমানকে এনবিআর চেয়ারম্যানের পদ থেকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়। বদলির আদেশ পাওয়ার পর নতুন কর্মস্থলে যোগ না দিয়ে ওই দিনই তিনি স্বেচ্ছায় অবসরে যাওয়ার আগ্রহের কথা জানিয়ে ২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত এক মাসের অর্জিত ছুটির আবেদন করেন।
এরপর ২২ অক্টোবর তিনি সংবাদ সম্মেলন করে স্বেচ্ছায় অবসরে যাওয়ার ঘোষণা দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এআরএইচ/এমএসবি
bdnews24