ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছাত্র ও শিক্ষকরা যাতে সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকতে না পারে সে ব্যাপারে সুপারিশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০-২২ আগস্টের ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিশন।
কমিশনের তদন্ত প্রতিবেদনে ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধের কোনো সুপারিশ করা হবে কি না জানতে চাইলে সোমবার কমিশন প্রধান বিচারপতি হাবিবুর রহমান খান সাংবাদিকদের এ কথা জানান। আগামী ৫ নভেম্বরের মধ্যে এই প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান তিনি।
কমিশন প্রধান বলেন, "ছাত্র-শিক্ষক রাজনীতি একেবারে বন্ধ না করে এর ধরন বদলানোর (মডিফিকেশন) ব্যাপারে সুপারিশ করা হবে। তারা যাতে সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকতে না পারে সে ব্যাপারেও সুপারিশ থাকবে।"
এছাড়া তদন্তের সুবিধার জন্য পরবর্তীতে গঠিত প্রত্যেকটি তদন্ত কমিশনের সঙ্গে একটি করে স্বাধীন তদন্তকারী দল দেওয়ার সুপারিশ করা হবে বলেও জানান তিনি।
বিচারপতি হাবিবুর রহমান বলেন, "একটি স্বাধীন তদন্তকারী দল ছাড়া এ ধরনের ঘটনার তদন্ত করা খুবই কঠিন। এ কাজ করতে গিয়ে আমি অসহায় বোধ করেছি। তাই পরবর্তীতে গঠিত প্রত্যেক কমিশনের সঙ্গে একটি করে স্বাধীন তদন্ত দল দেওয়ার সুপারিশ করা হবে।"
এছাড়া কমিশন একটি ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয় করার ব্যাপারেও সুপারিশ করবে বলে তিনি জানান।
সোমবার কমিশন কার্যালয়ে বিচারপতি হাবিবুর রহমানের সঙ্গে আলোচনা করেন সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কাউন্টার টেররিস্ট ব্যুরোর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমিন। তবে তার সঙ্গে কোন বিষয়ে কথা হয়েছে তা জানাতে রাজি হননি কমিশন প্রধান।
বিচারপতি হাবিবুর রহমান জানান, এখন প্রতিবেদন তৈরির কাজ চলছে। ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করা হবে। তবে, ঢাকা বিশ্ববিদ্যলয়ে বিক্ষোভ সংঘর্ষের সময় সেনাবাহিনীর যে গাড়িটি পোড়ানো হয়েছিলো তার চালকের সঙ্গে প্রতিবেদন তৈরি শেষ হওয়ার আগে কথা বলার চেষ্টা করবেন বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এমএ/১৯৫৩ ঘ.
bdnews24