২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীতে বালু তোলা বন্ধের দাবিতে মেঘনা তীরের বাসিন্দাদের বিক্ষোভ

মেঘনা নদীতে বালু তোলা বন্ধের দাবিতে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কয়েকটি গ্রামের হাজার হাজার নারী-পুরুষ লাঠি সোঁটা নিয়ে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 01:07 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

চাঁদপুর, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মেঘনা নদীতে বালু তোলা বন্ধের দাবিতে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কয়েকটি গ্রামের হাজার হাজার নারী-পুরুষ লাঠি সোঁটা নিয়ে বিক্ষোভ করেছে। গ্রামবাসীর অভিযোগ, মতলব উত্তর উপজেলার মেঘনা তীরবর্তী মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর ও মোহনপুর, কলাকান্দা ইউনিয়নের দর্শানী এবং ছেংগারচরের সিকিরচোঁ ও সুগন্ধী গ্রামে দীর্ঘদিন ধরে বালু তোলা হচ্ছে। অবাধে বালু তোলার ফলে গ্রামগুলো দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো সময় এসব গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। মোহনপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ বাবুল মিয়া জানান, নির্বিচার বালু তোলার ফলে গ্রামগুলো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় গ্রামবাসী বাধ্য হয়ে বিক্ষোভের পথ বেছে নিয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, "দেড় মাস ধরে আহম্মদিয়া ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী মো. আমিনুল ইসলাম ফেরদৌস তার লোকজন দিয়ে নদী থেকে বালু তুলছেন। গ্রামবাসীরা নিষেধ করলেও তাতে কান দেয়নি তারা। তাই সোমবার সকালে আমরা মেঘনা নদীতে বালি উত্তোলনে নিয়োজিত নীল পদ্ম, দোয়েল, ফরিদপুর ড্রেজার, ফৌজিয়া, রমিজউদ্দিন এক্সপ্রেস ও নদীপথ নামে ছয়িিট জাহাজকে হটিয়ে দিই।" মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার বলেন, "বালি তোলা বন্ধ করা না হলে বেশ কয়েকটি গ্রাম বিলীন হওয়া ছাড়াও মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প এলাকা হুমকির মুখে পড়বে। তাই অবিলম্বে মেঘনা নদী থেকে বালু তোলা বন্ধ করতে হবে।" বিষয়টি নিয়ে মতলব (উত্তর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "যারা মাটি কাটছে তারা হাইকোর্ট থেকে আদেশ এনেছে। সে আদেশ অনুযায়ী রামগোপাল এলাকায় বালু তোলার কথা। কিন্তু রামগোপালসহ আরো কয়েকটি মৌজায় বালু তোলায় এলাকাবাসী প্রতিবাদ করছে।" তিনি বলেন, "এলাকাবাসীর দাবি অনুযায়ী মেঘনা নদী থেকে বালু উত্তোলন আপাতত বন্ধ রেখেছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে সে জন্য পুলিশ, স্থানীয় চেয়ারম্যান ও সহকারী ভূমি কমিশনারকে (এসিল্যান্ড) সীমানা নির্ধারণ করতে বলেছি।" এনিয়ে যোগাযোগ করা হলে আহম্মদিয়া ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী মো. আমিনুল ইসলাম ফেরদৌস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি কোনো সহিংসতা চাই না। সীমানা নির্ধারণ করে দেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছি। এলাকাবাসীকে নিয়েই বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।" বিকাল থেকে ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৯০৮ ঘ.