ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা নিয়ে প্রশাসনে সৃষ্ট অসন্তোষ নিরসনে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের একটি প্রতিনিধি দল সোমবার আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেছেন।
বৈঠক শেষে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, "নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়ে যাবে। কীভাবে এ পৃথককরণ করা এবং উভয় পক্ষের মধ্যে সদ্ভাব বজায় রাখা যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে কোনও সিদ্ধান্ত হয়নি।"
এ বিষয়ে এ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান খান মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
সমিতির মহাসচিব কামালউদ্দীন বলেন, "সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে। প্রশাসন কীভাবে সুন্দর করে চলবে সে বিষয়ে আলোচনা হয়েছে। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেবে।"
তিনি বলেন, "বিচার বিভাগ পৃথককরণের বিষয়ে বেঁধে দেওয়া সময় ঠিকই থাকবে তবে যেসব বিষয়ে অসঙ্গতি রয়েছে সে বিষয়গুলো সরকার দেখবে।"
তিনি জানান বৈঠকে চুড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। মঙ্গলবার আবারও বৈঠক হবে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এ্যাডিমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)'র রেক্টর আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান ও এসোসিয়েশনের মহাসচিব ঢাকার জেলা প্রশাসক মো. কামালউদ্দীন। বৈঠকে উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী হাবিবুল আউয়াল, ভূমি মন্ত্রণালয়ের সচিব মোসলেহউদ্দীন, ঢাকার বিভাগীয় কমিশনার ইকরাম আহম্মেদ, বিয়াম'র মহাপরিচালক ড. মো. সাদিক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাল্টি সেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন এবং ম্যাজিস্ট্রেটদের পক্ষে তাদের প্রতিনিধি মাহামুদুর রহমান।
বৈঠক শেষে এসোসিয়েশনের একজন নেতা বলেন, "বৈঠকে বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত জারি করা চারটি অধ্যাদেশের কিছু বিধি সংশোধন করার প্রস্তাব করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করা হয়েছে। এসব সংশোধনী এলেই শান্তিপূর্ণভাবে বিচারবিভাগ পৃথককরণের কাজ সম্পন্ন হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জিএমএ/জিএনএ/১৭১৫ ঘ.
bdnews24