টাঙ্গাইল, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল পৌরসভায় ভোটারদের ছবি তোলার কাজ সোমবার শুরু হয়েছে।
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল একেএম মুজাহিদ উদ্দিন।
টাঙ্গাইল পৌরসভার ১৮ টি ওয়ার্ডের প্রথম ১৩ টি ওয়ার্ডের ২৫টি কেন্দ্রে একযোগে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ চলছে। ১৩টি ওয়ার্ডে ইতোমধ্যে ৫৬ হাজার ৩৯৫ জন ভোটারের নাম নিবন্ধন করা হয়েছে।
ছবি তোলার জন্য ১৯২ টি ল্যাপটপ, ৩৫০ জন ডাটা এন্ট্রি অপারেটর, ২০ জন প্র"ফ রিডার ও একজন টেকনিক্যাল ম্যানেজার নিয়োগ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিমুল গনি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আখতার আলী সরকার, পুলিশ সুপার মো. আবদুল মান্নান, টাঙ্গাইল পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট জাফর আহমেদ ও জেলা নির্বাচন অফিসার মো. আলিমুজ্জামান প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩০২ ঘ.
bdnews24