ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে আগামী ১ নভেম্বর আলাদা হয়ে যাচ্ছে বিচার বিভাগ। বহুল-প্রতীক্ষিত এই পৃথকীকরণের সিদ্ধান্তকে সবাই স্বাগত জানালেও 'গুরুত্বহীন' হয়ে পড়ার আশঙ্কায় বিচারিক ক্ষমতা না থাকার বিষয়টি মানতে পারছেন না নির্বাহী দায়িত্বপ্রাপ্ত অনেক কর্মকর্তা।
নতুন ব্যবস্থায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা থাকছে না। বিচার সংক্রান্ত কাজগুলো বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটরাই করবেন। নির্বাহী দায়িত্বপ্রাপ্ত অনেকের বক্তব্য, ক্ষমতা কমে গেলে তাদের গুরুত্বও কমে যাবে। ফলে নির্বাহী দায়িত্ব পালন করাও তাদের পক্ষে কঠিন হয়ে উঠবে। আর এতে করে প্রশাসনে দেখা দিতে পারে স্থবিরতা।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব কাজী মো. আমিনুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ১ নভেম্বরের পর থেকে বিচারিক কাজগুলো বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটরাই করবেন। জেলা প্রশাসক, ইউএনও ও ম্যাজিস্ট্রেটরা পালন করবেন কেবল তাদের নির্বাহী দায়িত্ব ।
এ প্রসঙ্গে বাংলাদেশ সিভিল সার্ভিস (ক্যাডার) অ্যাসোসিয়েশনের সভাপতি সাভার বিপিএটিসি'র রেক্টর আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাদের ক্ষোভের কথা আমাকে জানিয়েছেন। এ বিষয়ে আলোচনার জন্য রোববার বিয়াম মিলনায়তনে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। সেখানে সবার মতামত নিয়ে আমরা আমাদের করণীয় নির্ধারণ করবো।"
মনিরুজ্জামান খান আরো বলেন, "বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার সিদ্ধান্তকে সবাই স্বাগত জানিয়েছে। কিন্তু সরকারি দায়িত্ব পালনের জন্য যতটুকু ক্ষমতা প্রয়োজন, ততোটুকু সুযোগ-সুবিধাতো কর্মকর্তাদের দিতে হবে। বিষয়টি আমরা সরকারের উচ্চ পর্যায়ে জানিয়েছি । তারাও বিষয়টি জানেন। আশা করি, তারা এটি বিবেচনায় আনবেন"।
বিসিএস (ক্যাডার) অ্যাসোসিয়েশনের মহাসচিব ঢাকার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামালউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাহী বিভাগের ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা কমিয়ে দিলে আমরা কাজ করতে পারবো না। এতে মাঠ পর্যায়ের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। প্রশাসনিক জটিলতার সৃষ্টি হবে"।
তিনি আরো বলেন, "জেলা প্রশাসক, উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দীর্ঘদিন ধরে সরকারের প্রতিনিধিত্ব করে আসছেন। কিছু ক্ষমতা থাকায় তাদের কাজের মূল্যায়ন হতো। এখন ক্ষমতা না থাকলে ওই কর্মকর্তারা আর কোথাও গুরুত্ব পাবেন না। ফলে প্রশাসনিক কার্যক্রম দারুণভাবে ব্যাহত হবে"।
মাঠ পর্যায়ের কয়েকজন ম্যাজিস্ট্রেট নাম প্রকাশ না করার শর্তে শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অপরাধ আমলে নেওয়া, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) ও পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনের মতো কাজগুলো দীর্ঘদিন ধরে পালন করে আসছেন। তাদের এসব ক্ষমতা বিভিন্ন সরকারি উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রেখেছে। এখন এ ক্ষমতা না থাকলে সরকারি কার্যক্রম বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে।
সরকার এ ব্যাপারে ইতিবাচক সাড়া না দিলে প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা কার্যত অক্ষম হয়ে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জেকে/এসকে/১৯৫৫ঘ.
bdnews24