২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্তিকায় দুর্গার মহাস্নান

শুভবুদ্ধির উদয় হোক জগতের সব মানুষের মনে আর সকলে মিলেমিশে সুখে শান্তিতে থাকুক এ কামনা নিয়ে শনিবার অনুষ্ঠিত হয়েছে দেবী দুর্গার মহানবমী বিহিত পূজা। নানা আচারের মধ্যে দিয়ে মহানবমী পূজা শেষ হয়েছে। পূজার আগে বিভিন্ন ধরনের মৃত্তিকা দিয়ে দেবীকে মহাস্নান করানো হয়। আর মাত্র একদিন পিত্রালয়ে থাকবেন দেবী দুর্গা। তাই দেবীর আশীর্বাদ নিতে মণ্ডপে মণ্ডপে ছুটছেন ভক্তরা। প্রার্থনা করছেন মগ্ন হয়ে। আর বাহারি কাপড় গায়ে চাপিয়ে যোগ দিচ্ছে দিনব্যাপী উৎসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 12:16 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শুভবুদ্ধির উদয় হোক জগতের সব মানুষের মনে আর সকলে মিলেমিশে সুখে শান্তিতে থাকুক এ কামনা নিয়ে শনিবার অনুষ্ঠিত হয়েছে দেবী দুর্গার মহানবমী বিহিত পূজা। নানা আচারের মধ্যে দিয়ে মহানবমী পূজা শেষ হয়েছে। পূজার আগে বিভিন্ন ধরনের মৃত্তিকা দিয়ে দেবীকে মহাস্নান করানো হয়। আর মাত্র একদিন পিত্রালয়ে থাকবেন দেবী দুর্গা। তাই দেবীর আশীর্বাদ নিতে মণ্ডপে মণ্ডপে ছুটছেন ভক্তরা। প্রার্থনা করছেন মগ্ন হয়ে। আর বাহারি কাপড় গায়ে চাপিয়ে যোগ দিচ্ছে দিনব্যাপী উৎসবে। শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে শুরু হয় মহানবমী বিহিত পূজা। পূজার আগে মহানগর ঢাকেশ্বরী মন্দিরে কথা হয় মহানগর সার্বজনীন পূজা কমিটির পুরোহিত রনজিৎ চক্রবর্তীর সঙ্গে। তিনি বলেন, "দেবীর মহাস্নানে রাজদ্বারের মৃত্তিকা থেকে শুরু করে পর্বত মৃত্তিকা, পর্বত লতাগুল্ম অর্থাৎ সব রকমের মৃত্তিকার প্রয়োজন হয়। সব ধরনের মানুষের মধ্যে যেন সমন্বয় সাধন হয়, সবাই যেন মিলেমিশে সুখে শান্তিতে থাকতে পারে এর প্রতীক হিসেবে সব ধরনের মৃত্তিকার প্রয়োজন হয়।" সকাল সাড়ে ৯টা পর্যন্ত চলে মহানবমী পূজা। এরপর যথারীতি চলে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। সকাল থেকে বহু মানুষ এসে দেবীকে প্রণাম করে প্রার্থনায় অংশ নিয়ে অঞ্জলি নিবেদন করেন। ঢাকেশ্বরী মন্দির ছাড়াও রামকৃষ্ণ মিশন, ঢাকা বিশ^বিদ্যালয়ের জগন্নাথ হল, ঐতিহ্যবাহী রমনা কালীমন্দির, আনন্দময়ী আশ্রম, স্বামীবাগের লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দিরে চলছে পূজা। রোববার দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। একইভাবে রাজধানীর অন্যান্য পূজা মণ্ডপগুলোতেও মহানবমী পূজা অনুষ্ঠিত হয়। মন্ডপগুলোতে দিনের বেলাতেই প্রচুর ভক্তের সমাগম থাকলেও বিকেল বেলা থেকে ভক্তদের ভীড় আরও বেড়েছে বলে জানান পূজা কমিটি সংশ্লিষ্টরা। পূজার প্রার্থনার পাশাপাশি মণ্ডপগুলোতে প্রতিটি ঢোলের বাড়িতেই যেন ছড়িয়ে পড়ছে উৎসবের আমেজ। এছাড়া দল বেধে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো, আত্মীয়-স্বজনদের বাড়ি বেড়ানো, ভাল খাবারের আয়োজন সবই চলছে সমানভাবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ববি বললেন, "বাবা-মা, দুই কাকা-কাকী, দীদা, ভাইবোনসহ এক সঙ্গে ১৭ জন বেরিয়েছি দেবী দর্শনে। বিসর্জনের জন্য কিছুটা বাকী রেখে পুরো আনন্দই আজ করে ফেলবো।" ওদিকে কারাবন্দী হিন্দুদের জন্য কারাগারে পূজার প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তারা যেন পূজার বিশেষ খাবার পায় সেজন্য তাদের স্বজনদের খাবার গ্রহণের অনুমতি দিচ্ছে কারা কর্তৃপক্ষ। উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"ঢাকা কেন্দ্রীয় কারাগারে এখন ১৬০ জন হিন্দু বন্দী রয়েছেন। শুক্রবার তাদের জন্য ঢাকেশ্বরী মন্দির থেকে প্রসাদ নিয়ে আসা হয়েছিল। হিন্দু বন্দীরা বাইরে থেকে পুরোহিত এনে পূজার ব্যাবস্থা করার জন্য অনুরোধ করেছিল। কিন্তু আমরা বলেছি বাহির থেকে পুরহিত এনে নয় আপনাদের নিজেদের মধ্যে কেউ পূজা পরিচালনা করতে পারলে অনুমতি দেওয়া যেতে পারে। যেমনটি করা হয়েছিল ঈদের সময়। তিনি বলেন, "নিয়মানুযায়ী হিন্দু বন্দীদের সঙ্গে স্বজনরা দেখা করার সুযোগ পাচ্ছেন। তাদের স্বজনরা খাবার পাঠাচ্ছেন এবং আমরা সেগুলো নিচ্ছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/এমএ/১৬১০ঘ.