২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট ও বরিশালে ভোটার তালিকার ছবি তোলার কাজ শুরু

সিলেট ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় নিবন্ধন ও ছবি তোলার কাজ শনিবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 10:22 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেট ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় নিবন্ধন ও ছবি তোলার কাজ শনিবার শুরু হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সিলেট প্রতিনিধি জানান, সকাল সাড়ে ৯টায় নগরীর রিকাবীবাজার এলাকার পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ছবি তোলার কাজ শুরু হয়। সিলেট জেলা উপ-নির্বাচন কমিশনার খন্দকার মিজানুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা তৈরির কাজের জন্য ইতিমধ্যে ডিজিটাল ক্যামেরা ও ফিঙ্গার পয়েন্টার সংযুক্ত ১৬৫টি ল্যাপটপ বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। তিনি জানান, ১৫৫ জন ডাটা এন্ট্রি অপারেটরকে নয় দিনের আনুষঙ্গিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে গড়ে ১০টি করে কম্পিউটার দেওয়া হয়েছে। কোনো কোনো কেন্দ্রে ভোটারের চাপ থাকলে অতিরিক্ত কম্পিউটার দেয়া হবে বলেও জানান তিনি। ৮ নভেম্বর পর্যন্ত নগরীর ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ভোটারদের ছবি তোলার কাজ চলবে। ১০ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত বাকি ওয়ার্ডগুলোতে ভোটারদের নিবন্ধন শেষ করা হবে। গত ৪ অক্টোবর নগরীতে ভোটারদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে শুক্রবার তা শেষ হয়। বরিশাল প্রতিনিধি জানান, বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের জন্য মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের পর শনিবার থেকে ভোটার নিবন্ধনের কাজ শুরু হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনার মো.হারুন চৌধুরী সকাল ৯ টায় নগরীর সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় বুথে ছবি তোলার কাজ উদ্বোধন করেন। জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনের ৬ টি ওয়ার্ডের ৩৯ হাজার ৭৪ জন ভোটার ভোটদান এবং জাতীয় পরিচয় পত্রের জন্য প্রাথমিক তথ্য দিয়েছেন। ভোটার ডাটাবেইজ প্রস্তুতকারীদের সমন্বয়ক ইমরান চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ৬ টি ওয়ার্ডের ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে ভোটারদের ছবি তোলার জন্য ৫০ টি বুথ তৈরী করা হয়েছে। ওই বুথগুলোতে ১৪৬ টি ল্যাপটপ দিয়ে ২৭৫ জন কর্মী টানা ছয়দিন ছবি এবং ভোটারদের নিবন্ধন করবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬১৯ ঘ.