২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিংড়ি শিল্পের বিভিন্ন দিক দেখতে ইইউর প্রতিনিধিরা এখন খুলনায়

চিংড়ি উৎপাদন থেকে শুরু করে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়ার বর্তমান অবস্থা সরেজমিনে দেখার জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর ফুড এন্ড ভেটেরিনারী মিশনের একটি প্রতিনিধি দল এখন খুলনায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2007, 02:02 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

খুলনা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চিংড়ি উৎপাদন থেকে শুরু করে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়ার বর্তমান অবস্থা সরেজমিনে দেখার জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর ফুড এন্ড ভেটেরিনারী মিশনের একটি প্রতিনিধি দল এখন খুলনায়। শুক্রবার দুপুর দেড়টায় চার দিনের সফরে দলটি খুলনা এসেছে। টিমের সদস্যরা হলেন জন ম্যাক ও রাজ প্যাটেল। তারা নগরীর হোটেল ক্যাসল সালামে অবস্থান করছেন। বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফএ) এর সহসভাপতি শেখ আব্দুল্লাহ বাকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ইইউর এ দলটি খুলনা অঞ্চলের বিভিন্ন চিংড়ি ঘের, ডিপো, মৎস্য অবতরণ কেন্দ্র, পরীক্ষাগার, মৎস্য হিমায়িতকরণ কারখানা ও অন্যান্য স্থাপনার কার্যক্রম দেখবেন। শনিবার প্রতিনিধি দল সুন্দরবন ভ্রমন, নদী ও খালে মাছ ধরা এবং সাতক্ষীরার বিভিন্ন মৎস্য ঘের দেখবে। রোববার টিমের সদস্যরা ফকিরহাটের ফলতিতায় চিংড়ি অবতরণ কেন্দ্র, রামপাল এলাকায় কয়েকটি চিংড়ি ঘের, পরীক্ষাগার ও কারখানার কাজ দেখতে যাবে। শেখ আব্দুল্লাহ বাকী আরো জানান, ইইউ প্রতিনিধি দল গত কয়েক বছর বাংলাদেশের চিংড়িতে রাসায়নিক নাইট্রোফুরানের মাত্রাতিরিক্ত উপস্থিতি ও ব্যাকটেরিয়া থাকার কারণ, কারখানাগুলোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, সরকারের নেওয়া মৎস্য বিধিমালা ও ইইউ প্রবর্তিত আইন কানুন যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে। ২২ অক্টোবর বিকালে ইইউ টিম চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। আমাদের বাগেরহাট প্রতিনিধি জানান, রোববার প্রতিনিনিধি দলটি বাগেরহাট যাচ্ছে। বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা নিত্যানন্দ বিশ্বাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ইইউর প্রতিনিধিরা বাগেরহাটে ফকিরহাটের ফলতিতায় চিংড়ি অবতরণ কেন্দ্র, রামপাল ও ফকিরহাট উপজেলার বিভিন্ন চিংড়ি ঘের ও ডিপো, বাগেরহাট সদর উপজেলার বারাকপুরে ব্র্যাকের চিংড়ি হ্যাচারি, রাধাবল্লভে মৎস্য বিভাগের প্রদর্শনী খামার এবং ওই এলাকার একটি হিমায়িত চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানা পরিদর্শন করবেন। তিনি জানান, প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মহিউদ্দিন, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ইমরান হোসেন, খুলনা বিভাগীয় উপপরিচালক জয়দেব কুমার বিশ্বাসসহ মৎস্য বিভাগের খুলনা ও বাগেরহাটের উর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে ২০০৫ সালের ৮ থেকে ১১ নভেম্বর ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল খুলনা-বাগেরহাট অঞ্চলের চিংড়ি শিল্পের কার্যক্রম পরিদর্শন করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০২ঘ.