চট্টগ্রাম, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্থপতি শাখাওয়াত উল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে চট্টগ্রাম কলেজের পূর্ব গেটের কাছে চন্দনপুরা সড়ক থেকে ধনু মিয়া (২৮) ও সুজন চক্রবর্তী (২৭) নামে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক রাশিদা পারভীন।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত দুজন ছিনতাইকারী। তাদের কাছে একটি ছুরি পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে বলে রাশিদা পারভীন জানান।
তিনি বলেন, "গত বৃহস্পতিবার ভোররাতে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাস্থলের কাছে ওঁৎ পেতে পুলিশ এ দুই ছিনতাইকারীদের গ্রেপ্তার করে। এরা তখন সেখানে আবার ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল।"
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই স্থপতি শাখাওয়াত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ কর্মকর্তা রাশিদা জানান।
স্থপতি শাখাওয়াত গত বৃহস্পতিবার ভোররাতে ঢাকা থেকে বাসে করে চট্টগ্রামে নেমে রিকশায় চড়ে বাসায় ফেরার পথে জিইসি মোড়ে ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীদের রডের আঘাতে গুরুতর আহত শাখাওয়াত চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে মারা যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৯০১ ঘ.
bdnews24