২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা ও কুষ্টিয়ায় তিন জনকে কুপিয়ে হত্যা

পাবনা ও কুষ্টিয়ায় বৃহস্পতিবার রাতে তিন জনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে এ তথ্য। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর পাবনা প্রতিনিধি জানান, সদর ও আতাইকুলা থানায় দুজনকে কুপিয়ে হত্যা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2007, 08:05 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবনা ও কুষ্টিয়ায় বৃহস্পতিবার রাতে তিন জনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে এ তথ্য। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর পাবনা প্রতিনিধি জানান, সদর ও আতাইকুলা থানায় দুজনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন, আতাইকুলা থানার হরিপুর গ্রামের রেজাউল করীম (৩১) ও সদর উপজেলার পাটকিয়াবাড়ি গ্রামের সেলিম রেজা(৪০)। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল হক জানান, হরিপুর গ্রামের রেজাউলকে সন্ত্রাসীরা বাড়ি থেকে ডেকে নিয়ে ওই গ্রামেরই বড়াইপাড়া মাঠে নিয়ে কুপিয়ে হত্যা করে। শুক্রবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। এদিকে পাটকিয়াবাড়ি গ্রামের ব্যবসায়ী সেলিম রেজাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বাড়ির সামনে গান বাজাতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটায় বলে পুলিশ কর্মকর্তা আমিনুল হক জানান। এ ব্যাপারে পাবনা সদর ও আতাইকুলা থানায় আলাদা দুটি মামলা হয়েছে। কেউ গ্রেপ্তার হয়নি। কুষ্টিয়া প্রতিনিধি জানান, মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা গ্রামে নিজ বাড়িতে সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন এক দিন মজুর। নিহতের নাম রিয়াজুল হোসেন মোল্লা। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে ৪/৫ জন সন্ত্রাসী রিয়াজুলের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে রিয়াজুলকে হত্যা করে। হত্যাকাণ্ডের পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হত্যার প্রাথমিক কারণ এখনও জানা যায়নি। হত্যার সঙ্গে জড়িত কাউকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/ ১৪০৭ ঘ.