২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় লোটাস কামালের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ

সম্পত্তির তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভুত সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল), তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বৃহস্পতিবার শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 02:17 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সম্পত্তির তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভুত সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল), তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বৃহস্পতিবার শেষ হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না ২২ অক্টোবর আদালত তা জানাবে। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় এই দিন ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক শিরিন পারভিন গত ২২ মার্চ লোটাস কামাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, লোটাস কামাল ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পত্তির মালিকস হয়েছেন। একইসঙ্গে তিনি কমিশনে জমা দেওয়া সম্পদের বিবরণীতে ২ কোটি ৯৩ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। লোটাস কামালকে এ কাজে সহযোগিতা করেছেন তার স্ত্রী কাশ্মিরি কামাল, দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামাল। লোটাস কামাল বর্তমানে কারাগারে রয়েছেন। মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/২০০৫ ঘ.