চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মীরসরাই উপজেলার বড়তাকিয়া রেল স্টেশনের অদূরে ট্রেন দুর্ঘটনার কারণ জানতে যুগ্ম সচিব (প্রশাসন) সাফিজ উদ্দিনকে প্রধান করে যোগাযোগ মন্ত্রণালয় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটির সদস্যরা বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের জনসংযোগ কর্মকর্তা সফিউদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কমিটির সদস্যরা সকাল থেকে দুপুর পর্যন্ত দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা এলাকাটি ঘুরে দেখেন এবং স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
তিনি জানান, দুপুরের পর কমিটির সদস্যরা চট্টগ্রাম শহরে ফিরে সেখানকার যেসব কর্মকর্তা ও কর্মচারি দুর্ঘটনার সময় দায়িত্বরত ছিলেন তাদের সাক্ষ্য গ্রহণ করেছেন। তথ্য সংগ্রহের জন্য তারা বৃহস্পতিবারও চট্টগ্রাম অবস্থান করবেন।
গত শনিবার সকালে বড়তাকিয়া স্টেশনের অদূরে ঢাকামুখী মহানগর প্রভাতী এক্সপ্রেসের ৫টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে গেলে তিনজন নিহত ও ৩০ জন আহত হন।
দুর্ঘটনার কারণ জানতে যোগাযোগ মন্ত্রণালয় ওই দিনই তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয়। পরে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়।
এর পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষও দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। এ দুটি কমিটিও ইতোমধ্যে কাজ শুরু করেছে।
জনসংযোগ কর্মকর্তা সফিউদ্দিন জানান, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের গঠিত দুটি তদন্ত কমিটির মধ্যে একটির প্রধান হচ্ছেন রেলওয়ে চিফ অপারেটিং সুপার আবদুল ওহাব এবং অপরটির প্রধান হচ্ছেন চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোকছেদুল আরেফিন। এ দুটি কমিটি কাজ শুরু করেছে। শিগগিরই প্রতিবেদন জমা দেবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/ ২০১৭ ঘ.
bdnews24