২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচন কর্মকর্তা নিয়োগ করার চিন্তা -ভাবনা

যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার দিতে সেখানে স্থানীয়ভাবে নির্বাচন কর্মকর্তা নিয়োগ করার চিন্তা -ভাবনা করা হচ্ছে। বুধবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে সাক্ষাতের পর নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 10:40 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার দিতে সেখানে স্থানীয়ভাবে নির্বাচন কর্মকর্তা নিয়োগ করার চিন্তা -ভাবনা করা হচ্ছে। বুধবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে সাক্ষাতের পর নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান। নির্বাচন কমিশনার বলেন, "যুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাসে লোকবল কম। সেখানকার প্রবাসী বাংলাদেশীদের অনেকে দক্ষ লোকবল ও যন্ত্রপাতি দিয়ে ভোটার তালিকা তৈরির কাজে সহায়তা করতে চান। সে ক্ষেত্রে দূতাবাসের তত্ত্বাবধানে কিছু লোক হয়তো নিয়োগ করতে হবে। যুক্তরাজ্য সফর করার পরে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।" যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার দেওয়ার বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে আগামী মাসের প্রথমার্ধে দুই নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ও ছহুল হোসাইন সেদেশে যাচ্ছেন। ছহুল হোসাইন বলেন, "যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার দেওয়ার বিষয়ে আজ আমরা পররাষ্ট্র উপদেষ্টার কাছে সহায়তা চেয়েছি। তিনি জানিয়েছেন, দূতাবাসের মাধ্যমে কমিশনকে সব ধরনের সহযোগিতা করা হবে। সেখানে দূতাবাসের তত্ত্বাবধানেই ছবিসহ ভোটার তালিকা তৈরি করা হবে।" তিনি আরো জানান, লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার ও এডিনবরা- এই চারটি এলাকায় বেশি প্রবাসী বাংলাদেশী বাস করেন বলে যুক্তরাজ্য সফরের সময় দুই কমিশনার সেখানে পৃথক মতবিনিময় সভা করবেন। ছবিসহ ভোটার তালিকাভূক্তির বিষয়টি ঐচ্ছিক রেখে সেখানকার টিভি ও পত্র-পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রচারণা চালানো হবে। প্রবাসীদের বিভিন্ন সংগঠনের কাছেও এ জন্য সহায়তা চাওয়া হবে। যুক্তরাজ্যের দূতাবাসে একটি 'ডেস্ক' খুলেই সব প্রবাসী বাংলাদেশীকে ভোটার তালিকাভুক্ত করা যাবে কী-না, তা জানতে চাইলে ছহুল হোসাইন বলেন, "সেখানে কীভাবে সবাইকে ভোটার তালিকাভূক্ত করা যায়, তা-ও ওই সফরের পর নির্ধারণ করা হবে। এছাড়া আর কোন কোন দেশের প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার দেওয়া যায়, তা-ও ঠিক করা হবে যুক্তরাজ্য সফরের পর।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/টিএইচ/এসকে/১৬২৩ঘ.