ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের ভেতরে সরাসরি বৈদেশিক বিনিয়োগের (ইনওয়ার্ড এফডিআই) ক্ষেত্রে ২০০৬ সালের ইউএনসিটিএডি সূচকে বাংলাদেশের অবস্থান এর আগের বছরের ১১৯ থেকে পিছিয়ে ১২১ হয়েছে। তবে দেশের বাইরে বিনিয়োগের (আউটওয়ার্ড এফডিআই) ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১০৫ থেকে এগিয়ে ১০৩ হয়েছে।
২০০৭ সালের ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্টে (ডব্লিউআইআর ২০০৭) এ তথ্য প্রকাশ করা হয়। বিনিয়োগ বোর্ড (বিওআই) ও জাতিসংঘ তথ্য কেন্দ্র মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করে।
ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভলপমেন্টের (ইউএনসিটিএডি) প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা ও সরকার পরিবর্তনের কারণে ২০০৬ সালে বাংলাদেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ আগের বছরের ৮৪ কোটি ৫০ লাখ ডলার থেকে ৬ শতাংশ কমে ৭৯ কোটি ২০ লাখ ডলারে দাঁড়ায়। সরাসরি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। ভারত ও পাকিস্তান এই সূচকে বাংলাদেশের আগে রয়েছে।
ডব্লিউআইআর ২০০৭ এর প্রকাশনা অনুষ্ঠানে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ মোহসিন বলেন, "গত বছরের শেষভাগে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা সত্ত্বেও বিনিয়োগকারীরা বাংলাদেশের ওপর আস্থা রেখেছেন। অথচ সামগ্রিক পরিস্থিতির বিবেচনায় বিদেশি বিনিয়োগ ব্যাপক হারে কমে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল।"
২০০৬ এ আসা বিদেশি বিনিয়োগের মধ্যে ৬৬ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্র, মিশর, সংযুক্ত আরব আমিরাত, নরওয়ে ও যুক্তরাজ্য থেকে। বেশিরভাগ বিনিয়োগ হয়েছে টেলিযোগাযোগ, বিদ্যুত ও জ্বালানি, ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন খাতে।
ইউএনসিটিএডির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ এ সারাবিশ্বে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ আগের বছরের তুলনায় ৩৮ শতাংশ বা এক লাখ ৩০ হাজার ৬০০ কোটি ডলার বেড়েছে। এর মধ্যে ৮৫ হাজার ৭০০ কোটি ডলার বিনিয়োগ হয়েছে উন্নয়নশীল দেশগুলোতে।
দক্ষিণ, পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সরাসরি বিদেশি বিনিয়োগ আগের বছরের তুলনায় বেড়েছে ২০ হাজার কোটি ডলার বা ১৯ শতাংশ। এর সিংহভাগ পেয়েছে চীন, হংকং, সিঙ্গাপুর ও ভারত।
বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে ২০০৬ সালে বিশ্বে সবচে এগিয়ে ছিল চীন। এর পরেই ছিল ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ব্রাজিল।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান জানান, ২০০৭ এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে সরাসরি বিদেশি বিনিয়োগের ব্যাপারে জরিপ চলছে।
তিনি বলেন, "যদিও প্রাথমিকভাবে পাওয়া তথ্য ভালো ইংগিত দিচ্ছে না। তবে সরকার ব্যবসা খাতে সচ্ছতা আনা, চাঁদাবাজি রোধ ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/এমএইচবি/২৩০২ ঘ.
bdnews24