ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঈদের পরদিন সোমবার রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে আগের মতো যানজট নেই। দুপুরে মিনিবাসে চড়ে প্রেস ক্লাব থেকে ফার্মগেটে আসতে সময়ে লেগেছে মাত্র ১২ মিনিট। বাস-মিনিবাসে যাত্রীদের ভিড়ও নেই।
ছুটির দিন বলে শিশু-কিশোরদের পদচারনায় মুখর হয়ে ওঠে শিশু পার্ক ও চিড়িয়াখানা।
গুলিস্তান, মতিঝিল, ময়মনসিংহ সড়ক, এলিফেন্ট রোড়, ফার্মগেট, মহাখালী, বনানী বাজার, মিরপুর সড়ক, রামপুরা বাজার সড়ক, মগবাজার মোড়, মালিবাগ ও কাকরাইলের মতো ব্যস্ততম জায়গাগুলো সোমবার ছিল প্রায় ফাঁকা। সকাল থেকে দুপুর পর্যন্ত এসব সড়কে যানবাহন চলাচল একেবারে কম ছিল। বিকেলে দিকে কিছুটা যানবাহন বাড়ে।
দুপুর পর্যন্ত মতিঝিল ও মোহাম্মদপুর মধ্যে যাত্রীবাহী কোনো বাস চলাচল করেনি। দুপুরের পর মৈত্রী পরিবহনের কয়েকটি বাস এই রুটে চলাচল করে। মোহাম্মদপুর অধিবাসী কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফজলুর রহমান কোনো পরিবহন বাস না পেয়ে এলিফেন্ট রোড থেকে রিকসায় শুক্রাবাদ আসেন ২৫ টাকায়।
ফজলুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,'' ঢাকার রাস্তা এখন যেমন ফাঁকা, এটা যদি সারা বছর থাকতো ভালো হতো। যানজটের অসহ্য কষ্ট থেকে মুক্তি পেতাম।''
তবে যান্ত্রিক যানবাহনের সংখ্যা কম হলেও ভাড়া বকশিসসহ বেশি। সিএনজি চালিত বেবি ট্যাক্সি মালিবাগ থেকে গুলশান-১ নং পর্যন্ত ভাড়া দাবি করে ৭০ টাকা। বেশিরভাগ চালকই মিটার ছাড়া যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিয়েছেন।
রাজধানীর হাসপাতালগুলোতে খোঁজ-খবর নিয়ে জানা গেছে, ওয়ার্ড ও কেবিনগুলোতে আত্বীয় স্বজনদের সঙ্গে রোগীরা সময় কাটাচ্ছেন। অন্য বছরগুলোর মতো এবার কর্তব্যরত চিকিৎসকদের অনুপস্থিতির অভিযোগ পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে ৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অসুস্থ খালেদা বেগমের আত্বীয় কামরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,'' ডাক্তার ওয়ার্ডে আছেন। আগে ঈদের ছুটিতে ওয়ার্ডে ডাক্তার পাওয়া যেতো না।''
সারা দেশের মুসলমানরা রোববার ঈদ উদযাপন করে। ঈদের পরদিন অনেকেই আত্বীয়-স্বজনের বাসায় বেড়াতে যান। রাজনৈতিক দলের নেতারাদের মধ্যে যারা ঢাকায় ঈদ করেছেন, তাদের কেউ কেউ সোমবার গ্রামের বাড়িতে গেছেন। বিএনপির সংস্কারপন্থি নেতা আবদুল মান্নান ভূঁইয়া সকালে তার নির্বাচনী এলাকা নরসিংদীর শিবপুরে গেছেন। তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের ছুটির কারণে রাজধানীর বেশিরভাগ হোটেল রেস্তোরা বন্ধ। গুলশান,বনানী বারিধারা ও ধানমন্ডির কয়েকটি অভিজাত হোটেল-রেস্তোরা খোলা রাখা হয়েছে। গুলশানের ফাস্ট ফুডের দোকানগুলোতে ভীড় বেশি।
ঈদ উপলক্ষে ঢাকা মহানগরীর সড়কগুলো জাতীয় পতাকা ও ঈদমোবারক খচিত পতাকায় সাজানো হয়। সুবিধাবঞ্চিত শিশুরা সোমবার বিনামূল্যে শিশুপার্কে যায়।
ঈদ উপলক্ষে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার হচ্ছে। বেসরকারি টিভি চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠানমালা স
bdnews24