ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর ধানমণ্ডি এলাকায় বিপণী ইটিসি'তে শনিবার গভীর রাতে চুরির অভিযোগে পুলিশ দুই তরুণীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
চুরির অভিযোগে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর পুলিশ তাদের মোহাম্মদপুর থানায় নিয়ে যায়।
ইটিসির বিক্রয়কর্মীরাও মামলা করার জন্য পুলিশের সঙ্গে থানায় যায়।
আটক তিনজনকে অপেক্ষমান পুলিশ ভ্যানে তোলার মুহূর্তে তাদের একজন রোখসানা আফতাব মৌ (২২) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি আগে কখনও এ কাজ করিনি। আমি খুবই লজ্জিত। দয়া করে আমাকে বাঁচান।"
শনিবার রাত সাড়ে এগারোটায় মৌ তার চাচাত বোন সুমির (২৫) সঙ্গে ইটিসিতে আসে। তারা কিছু সামগ্রী চুরি করে পালাবার চেষ্টা করে। এগুলোর মধ্যে আছে দুটি পাঞ্জাবী ও দুটি ফতুয়া। প্রতিটি পাঞ্জাবীর সঙ্গে থাকা কার্ডে দাম লেখা ছিল ২৮ হাজার টাকা। দুটি ফতুয়ার দাম দু হাজার ৫৩০ টাকা। সব মিলে তারা ৫৮,৫৩০ টাকা দামের চুরি করার সময় ধরা পড়ে।
মৌ অভিযোগ করেন, বেশির ভাগ কাপড়ই চুরি করেছে সুমি।
তাদের সঙ্গী মোহাম্মদ আলিফ সুমন দাবি করেন, ঘটনার সময় তিনি ওই তরুণীদের সঙ্গে ছিলেন না।
তিনি বলেন, "আমি ঘটনার পরে এসেছি এবং তাদের দুজনকে এখানে দেখেছি। তবে তিনি একই দোকানে কেন এসেছেন সেটা জানাননি।
দুই তরুণী জানান, সুমন তাদের আত্মীয় হলেও তিনি দোকান থেকে কিছু চুরি করেননি। তবে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আবদুল লতিফ জানান, সুমনও এ চক্রের সদস্য। পুলিশ তাকেও নিয়ে যায়।
লতিফ বলেন,"রাজধানীতে এ ধরনের চুরির বেশির ভাগই করে মহিলারা।"
মৌ আর সুমি থাকে মোহাম্মদপুরের শেরশাহ শুরি রোডে। তারা জানায়, শেষ সময়ে তারা ঈদের কেনাকাটা করার জন্য ইটিসিতে এসেছে।
ইটিসির কর্মচারীরা চুরির মালামাল থানায় নিতে বারণ করলে আব্দুল লতিফ বলেন, "মামলা করার জন্য ওগুলোর দরকার আছে।"
এ সময় তিনি ইটিসির এক কর্মচারীকে বলেন, "এই, আমি এখান থেকে একটি পাঞ্জাবী আর একটি বেল্ট কেনার সময় কোনো কমিশন নিইনি।"
এরপর তিনি চুরির কাপড়গুলো হাতে নিয়ে মজা করে হাসতে হাসতে বলেন, "দেখো আমার কাছে কিন্তু এখন কয়েকটি কাপড় আছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এডি/ডিডি/এমএসবি/০৩৪১ ঘ.
bdnews24