ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিএনপির বহিস্কৃত মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার গ্রেপ্তার দাবি করেছেন সাবেক বিএনপি নেতা এবং বর্তমানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।
তিনি এ দাবি ছাড়াও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরীর 'ঐক্যমতের সরকার' সংবিধান সম্মত নয় মন্তব্য করে তা নাকচ করে দেন।
মান্নান ভূঁইয়ার কঠোর সমালোচনা করে শনিবার দুপুরে মহাখালী ডিওএইচএসের 'অলি মঞ্জিলে' সাংবাদিকদের তিনি বলেন,"দুর্নীতি বিরোধী অভিযানে তাকে সবার আগে গ্রেপ্তার করা উচিত ছিল। মান্নান ভূঁইয়া খালেদা জিয়া ও দেশের সঙ্গে বেঈমানী করেছেন। কারো পক্ষে তাকে বিশ্বাস বা নির্ভর করা উচিৎ হবে না। কারণ ক্ষমতা থাকা অবস্থায় দলের সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে কিছুই বলেননি, অথচ ক্ষমতার সুবিধা ভোগ করেছেন তিনি।"
তিনি বলেন,"দলকে দুর্নীতি মুক্ত রেখে সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব তারই ছিলো। কিন্তু তিনি তা না করে দলকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়, হাওয়া ভবন এবং বিএনপির অফিস মান্নান ভূঁইয়ার নিজস্ব লোক দিয়েই পরিচালিত হতো। তার কারণেই দেশের গণতন্ত্র আজ বাধাগ্রস্থ হয়েছে। বেগম জিয়া এবং তার পরিবারকে জেলে যেতে হয়েছে।"
অলি আহমেদ সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরীর 'ঐক্যমতের সরকার' সংবিধান সম্মত নয় মন্তব্য করে তা নাকচ করে দিয়ে বলেন,"আগামীতে দেশে বাপ-ব্যাটা সালাদের নিয়ে রাজনৈতিক দল গঠন করা সম্ভব হবে না। নির্বাচন কমিশনের নিবন্ধন ব্যবস্থা চালু হলে বিকল্পধারাসহ অনেক দলেরই অস্তিত্ব থাকবে না। দেশে মাত্র ৫/৬টি রাজনৈতিক দল থাকবে।"
তিনি বলেন,"আগামী নির্বাচনে নির্বাচিত প্রধিনিধিরাই ঠিক করবেন দেশে কী ধরনের সরকার হবে।"
তিনি অভিযোগ করেন, যারা এককভাবে নির্বাচিত হতে পারবে না, তারাই পরগছার মত অন্য দলে আশ্রয় নিয়ে ক্ষমতায় যেতে চাচ্ছে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির সাবেক সদস্য অলি আহমেদ বিএনপিতে ফিরে যাওয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলেন,"আমি এখন এলডিপির প্রেসিডেন্ট। এ দলকে সংগঠিত করাই আমার দায়িত্ব। তবে বিএনপি থেকে প্রস্তাব পেলে দলের নির্বাহী সভাপতি ও মহাসচিব এবং দলের নেতা-কমীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এলডিপিতে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই।"
তিনি বলেন, সঠিক নেতৃত্ব না পেলে বিএনপির সংকট আরও ঘনীভূত হবে। এখন বিএনপির প্রয়োজন একজন দক্ষ,অভিজ্ঞ ও জনগণের কাছে গ্রহণযোগ্য একজন নেতা।
সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের প্রশংসা করে তিনি বলেন,"এখনো সংস্কারপন্থীর নামে সুবিধা ভোগী কিছু দুর্নীতিবাজ ঘুরে বেড়াচ্ছে।"
তিনি অবিলম্বে তাদেরকে গ্রেপ্তারের জন্য সরকারের প্রতি দাবি জানান।
তিনি বলেন,"এসব সুবিধাবাদী দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার করা হলে আগামীতে শত বর্ষে কোনো রাজনৈতিক নেতা দুর্নীতি করার সাহস পাবে না।"
এলডিপির সভাপতি অলি আহমেদ বলেন, আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করাই তার এখন প্রধান কাজ। তার দল আগামীতে দেশের নতুন নতুন নেতা তৈরি করে নির্বাচনে অংশ নেবে।
তিনি বলেন,"আমি যে যুদ্ধে নেমেছি, তাতে বিজয়ী হবই। একজন মুক্তিযোদ্ধ্া এবং রাজনীতিবিদ হিসেবে এ দায়িত্ব সঠিকভাবে পালন করবো।"
নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুয়ায়ী আগামী অক্টোবরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানান তিনি।
সরকারের ট্রুথ কমিশন গঠনের বিষয়ে অলি বলেন,"বিভিন্ন দেশে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য এ ধরনের কমিশন করা হয়েছিল। কিন্তু তা আমাদের দেশে কি উদ্দেশে করা হচ্ছে আমার কাছে তা স্পষ্ট নয়। যারা দুর্নীতি করে রাজনীতির নামে লুন্ঠন করেছে তাদেরকে কঠিন সাজা দিতে হবে। রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগকারী দালালদেকে খুজে বের করে 'ক্রসফায়ারে' দিতে হবে। এরাই দেশের আসল শত্র"। বিভিন্ন সরকারের সময় তারা সুবিধা লুটেছে। মানবের জন্য মানবাধিকার কিন্তু অমানবের জন্য নয়। তবে তিনি ব্যবসায়ীদের ব্যাপারে সরকারের নমনীয় মনোভবের প্রশংসা করেনে। একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের সঙ্গে সম্পকর্কে আরও গতিশীল করারও পরামর্শ দেন তিনি।
তিন সপ্তাহ মক্কা ও মদিনা সফর শেষে শুক্রবার রাতে তিনি দেশে ফিরেছেন।
কর্ণেল অলি দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশীদের প্রতি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি দলের নেতা-কমীদের প্রতিও ঈদ মোবারক জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/জিএনএ/১৪৪০ ঘ.
bdnews24