২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীরসরাইতে মহানগর প্রভাতী লাইনচ্যুত, নিহত ৩

মীরসরাই উপজেলার বড়তাকিয়া স্টেশনের কাছে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকামুখী মহানগর প্রভাতী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে তিনজন নিহত ও ৩০জন আহত হয়েছে। রেল ও পুলিশ কর্মকর্তারা প্রথমে পাঁচজন মারা গেছেন বলে জানালেও উদ্ধার কাজ শেষে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লাইনটি এখন ট্রেন চলাচলের উপযোগী বলেও তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2007, 05:22 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মীরসরাই উপজেলার বড়তাকিয়া স্টেশনের কাছে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকামুখী মহানগর প্রভাতী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে তিনজন নিহত ও ৩০জন আহত হয়েছে। রেল ও পুলিশ কর্মকর্তারা প্রথমে পাঁচজন মারা গেছেন বলে জানালেও উদ্ধার কাজ শেষে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লাইনটি এখন ট্রেন চলাচলের উপযোগী বলেও তারা জানিয়েছেন। পুলিশ ও রেল কর্মকর্তারা জানান, সকাল ৭টা ২০ মিনিটে চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যাওয়া প্রভাতী এক্সপ্রেসের পাঁচটি বগি বড়তাকিয়া স্টেশনের অদূরে সকাল সাড়ে ৮টার দিকে লাইনচ্যুত হয়। এতে বগির নিচে চাপা পড়ে তিনজন নিহত হয়। নিহত তিনজনকে বগির নিচ থেকে বের করা হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৩০ জন। নিহত তিনজন হলেন- ময়মনসিংহের গিয়াসউদ্দিন (২৮), আখাউড়ার আল আমিন (২৫) ও কিশোরগঞ্জের মকবুল হায়দার (৩২)। দুর্ঘটনার পরপরই মীরসরাই থানার উপ-পরিদর্শক আব্দুর রব জানান, বগিগুলোর নিচে চাপা পড়াদের হাত পা দেখা যাচ্ছিল। পুলিশ ও রেলওয়ে যৌথভাবে তাদের উদ্ধার কাজ চালাচ্ছে। (আরও তথ্যসহ- ২) রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক ইব্রাহিম করিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে বড়তাকিয়া স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনটিতে এক হাজার ১৮৬ জন যাত্রী ছিল। ১৬ বগির ট্রেনটির ধারণ ক্ষমতা আটশ ৫০ জন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গতি বেশি থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, ট্রেনের শেষের দিকে পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত পাঁচটিসহ মোট নয়টি বাদ দিয়ে বাকি সাতটি বগি নিয়ে সকাল ১০টায় ট্রেনটি আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন দুপুরের পর ঢাকা থেকে চট্টগ্রাম আসেন। প্রায় এক ঘণ্টা তিনি সেখানে অবস্থান করে উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ এবং দুর্ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ঈদের সময়ে এ ধরনের দুর্ঘটনা খুবই দুঃখজনক। কী কারণে এ দুর্ঘটনা ও প্রাণহানি হল তা খতিয়ে দেখা হবে। তিনি জানান, রেলওয়ের তদন্ত কমিটির পাশাপাশি যোগাযোগ মন্ত্রণালয় থেকেও একটি তদন্ত কমিটি করা হবে। যোগাযোগ উপদেষ্টা নিহতদের লাশ তাদের বাড়িতে পাঠানোর এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। উপদেষ্টার সঙ্গে যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমান, রেলওয়ের মহাপরিচালক বেলায়েত হোসেন ও রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইকবাল মোল্লাসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীম জানান, সন্ধ্যার পর যোগাযোগ উপদেষ্টা ঢাকার উদ্দেশে রওনা দেন। চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী (১) আব্দুল জলিল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বিকেলে জানান, যে লাইনে দুর্ঘটনা ঘটেছিল তা পুরোপুরি মেরামত করা হয়েছে। এ লাইনটি বিকেল ৫টার পর থেকে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। তিনি জানান, মহানগর প্রভাতীর লাইনচ্যুত বগিগুলো তুলে তার নিচের অংশে দেখা হচ্ছে। এরইমধ্যে মকবুল হায়দার (৩২) নামে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে। এ নিয়ে তিনজনের লাশ উদ্ধার করা হলো। বিকেল সোয়া পাঁচটায় তিনি জানান, এখনও দুটি বগির নিচে দেখা বাকি রয়ে গেছে। সেখানে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এ দুটি বগির নিচে আরও লাশ থাকতে পারে বলে অনেকে ধারণা করছে। প্রকৌশলী জলিল জানান, মাটিতে পড়ে যাওয়া পাঁচটি বগির মধ্যে একটি উদ্ধার করা হয়েছে। বাকি চারটি ঈদের পর সরিয়ে নেওয়া হবে। এগুলো এখন ওখানেই থাকবে। এর আগে দুপুরে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোকলেছুর আরেফিনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আজই (শনিবার) কাজ শুরু করবে। কমিটির অপর সদস্যরা হলেন- বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) নুর আহমেদ, বিভাগীয় প্রকৌশলী (সিগন্যাল) মো. শরিফুল ইসলাম, বিভাগীয় প্রকৌশলী (১) আব্দুল জলিল এবং সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. সোলায়মান। দুর্ঘটনার পর উদ্ধার কাজ তাড়াতাড়ি করতে চাঁদপুরমুখী ঈদের একটি বিশেষ ট্রেনের যাত্রা বাতিল করায় কয়েকশ যাত্রী সকাল ১১টার দিকে স্টেশনের ব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও করে। তবে ব্যবস্থাপক না থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশের হস্তক্ষেপে পরে বিক্ষুব্ধ যাত্রীরা শান্ত হয়। স্টেশন ব্যবস্থাপক জানিয়েছেন, ট্রেনটি বাতিল করায় যাত্রীদের টিকেটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক ইব্রাহিম করিম জানান, বড়তাকিয়া স্টেশনের অদূরের লাইনটি মেরামত করার পর ট্রেন চলাচলের উপযোগী হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/পিসি/জিএনএ/এসএনডি/ডিডি/এমএসবি/২৩১৫ঘ.